সিআইএর ওপর ইরাক যুদ্ধের দায় চাপিয়েছে হোয়াইট হাউস: জর্জ টেনেট
নতুন এক স্মৃতিচারণমূলক বইয়ে এতোদিন পর ইরাক আগ্রাসনের সমালোচনা করে হোয়াইট হাউসের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছেন সিআইএর সাবেক পরিচালক জর্জ টেনেট।
বইয়ে ২০০৩ সালে বুশ প্রশাসনের ইরাক আগ্রাসনের প্রস্তুতির তীব্র সমালোচনা করে টেনেট লেখেন, ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার তথ্য প্রেসিডেন্ট বুশ তার মুখ থেকে শুনেছেন-এই মিথ্যা বিবৃতি দিয়ে হোয়াইট হাউস তার সুনাম ক্ষুন্ন করার প্রয়াস নেয়। তিনি জানতেন, ইরাক যুদ্ধের দায় হোয়াইট হাউসের ওপর থেকে সিআইএর ঘাড়ে চাপাতেই ইচ্ছাকৃতভাবে এটি করা হচ্ছে।
কিন্তু এতোদিন পর এই অভিযোগ তুলে বিপাকে পড়েছেন টেনেট। হোয়াইট হাউসের ইরাকে আগ্রাসন চালানোর প্রস্ততির কথা জেনেও কেনো টেনেট তখন কিছু বলেননি, আর কেনই বা এতদিন তিনি নীরব রইলেন তা নিয়ে প্রশ্ন ও সমালোচনার ঝড় উঠেছে। টেনেটের বিরুদ্ধে দ্বিমুখী নীতি অবলম্বনের অভিযোগ তুলেছেন সাবেক গোয়েন্দা কর্মকর্তারা।
ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার গোয়েন্দা তথ্য ভুল ছিল-এ নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে ২০০৪ সালে টেনেট সিআইএ’রপরিচালক পদ থেকে পদত্যাগ করেন। দীর্ঘদিন দেশের জন্য কাজ করার স্বীকৃতি স্বরূপ পরে তিনি প্রেসিডেন্ট বুশের কাছ থেকে সর্বচ্চো নাগরিক পুরস্কার ‘মেডেল অব ফ্রিডম’ পেয়েছিলেন।
আর এখন তিনি ইরাক যুদ্ধে সমালোচনা করার পর সিআইএ’র ছয় সাবেক গোয়েন্দা কর্মকর্তাসহ সাবেক কয়েকজন সন্ত্রাস বিষয়ক বিশেষজ্ঞ টেনেটকে তার ‘মেডেল অব ফ্রিডম’ ফেরত দেয়ার দাবি তুলেছেন।
তাদের মতে, মিথ্যা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০০২ ও ২০০৩ সালে বুশ প্রশাসনের ইরাকে হামলা চালানোর প্রস্তুতির সময় এ নিয়ে কোনো কথা বলতে না পারার কারণেই টেনেওটর ওই মেডেল ফেরত দেয়া উচিত।
এমনকী টেনেটের স্মৃতিচারণমূলক বই বিক্রির অর্থও ইরাক যুদ্ধে নিহত মার্কিন সেনাদের পরিবারগুলোকে উৎসর্গ করার দাবি জানিয়েছেন তারা। এ সপ্তাহে ইস্যু করা একটি চিঠিতে সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও বিশেষজ্ঞরা এই দাবি জানান।
চিঠিতে টেনেটকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, “ওই সময় নীরব থেকে আপনি যুদ্ধ শুরুর পট প্রস্তুত করতে সহায়ক ভূমিকা পালন করেছেন।”
সিআইএ’র সাবেক বিশ্লেষক মাইকেল শেউইর এর কাছ থেকেও তীব্র সমালোচনার শিকার হয়েছেন টেনেট। মাইকেল বলেন, টেনেট ইরাক এবং ৯/১১ হামলা ঠেকাতে ব্যর্থ হয়ে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। কিন্তু সিআইএ টেনেটের পাশে দাঁড়িয়েছে।
সিআইএ’র ভাষ্য, গোয়েন্দা সংস্থাটির সবচে’ চ্যালেঞ্জিং সময়টিতে টেনেট এই সংস্থার নেতৃত্ব দিয়েছেন। সিআইএ’র মুখপাত্র মার্ক ম্যান্সফিল্ড বলেছেন, চ্যালেঞ্জের মুখেও টেনেট সংস্থাটির মিশন নিয়ে উদ্বেগের মাঝে ডুবে যাননি কিংবা জনগণের জন্য নিবেদিতপ্রাণ থাকার কথাও ভুলে যাননি।
টেনেটের ‘অ্যাট দ্য সেন্টার অব দ্য স্টোরম: মাই ইয়ারস অ্যাট দ্য সিআইএ’ শীর্ষক স্মৃতিচারণমূলক বই সোমবার থেকে বাজারে এসেছে। ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে হামলা এবং ইরাক আগ্রসনের সময় টেনেট সিআইএ’র দায়িত্বে ছিলেন।
সে সময় টেনেট নীরব থাকলেও এবার তিনি বুশ প্রশাসনের ইরাক যুদ্ধে প্রস্তুতির সমালোচনা করার পাশাপাশি ইরাকে অস্ত্র থাকার ব্যাপারে তার কাছ থেকে পাওয়া গোয়েন্দা তথ্যের মিথ্যা অজুহাত দেখিয়ে তার সুনাম ক্ষুন্ন করার হোয়াইট হাউজের প্রচেষ্টার অভিযোগ তুললেন।
টেনেট জানান, হোয়াইট হাউজ প্রেসিডেন্ট বুশ ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার গোয়েন্দা তথ্য তার মুখ থেকে শোনার মিথ্যা বিবৃতি দিয়েছিল। এতে তার সুনাম ক্ষুন্ন হয়।
সমালোচকদের সমালোচনার জবাবে টেনেট কেবল এটুকুই বলেছেন যে, তিনি ওই সময় রাজনৈতিক পদ্ধতির মধ্যে থেকেই সিআইএ’র জন্য কাজ করে যাওয়ার পথ বেছে নিয়েছিলেন।
