বিশ্বজুড়ে ‘সন্ত্রাসী’ হামলায় মৃতের সংখ্যা বেড়েছে ৪০ শতাংশ
মূলত ইরাকে সহিংসতার কারণে সারা বিশ্বে সন্ত্রাসী হামলায় আগের বছরের তুলনায় গত বছর ৪০ শতাংশেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
এদের মোট সংখ্যা ২০ হাজারেরও বেশি। সোমবার যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক সন্ত্রাসী হামলায় ২০০৬ সালে ২০ হাজার ৪৯৮ জন মারা গেছেন, ২০০৫ সালে মারা গেছে ১৪ হাজার ৬১৮ জন লোক। এর মধ্যে ইরাকেই গত বছর প্রায় ১৩ হাজার মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ‘দেশভিত্তিক সন্ত্রাসবাদের প্রতিবেদন’ অনুযায়ী ২০০৬ সালে সন্ত্রাসী হামলার সংখ্যা আগের বছরের তুলনায় বেছে। ২০০৫ সালে এ সংখ্যা ছিল ১১ হাজার ১৫৩টি, যা ২০০৬ সালে বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ৩৩৮টিতে।
এদের মধ্যে কেবল ইরাকেই হামলার সংখ্যা তিন হাজার ৪৬৮ থেকে বেড়ে ছয় হাজার ৬৩০ এ দাঁড়ায় যা মোট সংখ্যার ৪৫ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের কেন্দ্রবিন্দু ইরাক হওয়ায় তারা আল কায়েদা এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলোর সন্ত্রাস ও আত্মঘাতী হামলার বিরুদ্ধে যুদ্ধ করছে। এর ফলে সন্ত্রাসীরা ইরাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।
আফগানিস্তানে হামলার সংখ্যা ৪৯১ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৪৯টিতে। যেখানে যুক্তরাষ্ট্র, ন্যাটো ও অন্যান্য বাহিনী তালেবান ও আল কায়েদা সদস্যদের বিরুদ্ধে পাঁচ বছর ধরে যুদ্ধ করছে।
জনগণের কাছ থেকে তথ্য গ্রহণের ভিত্তিতে ওই প্রতিবেদনটি তৈরি করা হয়। এটি সংকলিত হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারে। সারা বিশ্বে সন্ত্রাসী হামলার খুঁটিনাটি বর্ণনা করা হয়েছে ওই প্রতিবেদনে।
