লন্ডন হামলায় পাঁচ আল-কায়দা সদস্যের যাবজ্জীবন
লন্ডনে বোমা হামলার পরিকল্পনাকারী পাঁচ আল-কায়েদা সদস্যকে সোমবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের একটি আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন ওমর খৈয়াম, অ্যান্থনি গার্সিয়া, জাওয়াদ আকবর, ওয়াহিদ মাহমুদ এবং সালাউদ্দিন আমিন। এছাড়া দুই সন্দেভাজনকে মুক্তি দিয়েছে আদালত।
হামলার পরিকল্পনাকারী পাঁচ আল-কায়েদা সদস্য পাকিস্তানের ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়ার পর কানাডার নাগরিক মোমিন খাজার কাছ থেকে বিস্ফোরক বানানোর ব্যাপারে সহযোগিতা পান বলে পুলিশ আদালতকে জানিয়েছে।
২০০৫ সালের ৭ জুলাই লন্ডনের কয়েকটি জায়গায় আত্মঘাতী বোমা হামলায় ৫২ জন নিহত হন। এ ঘটনার পর পুলিশের ব্যাপক তদন্তে দণ্ডপ্রাপ্ত পাঁচ ব্যক্তির সঙ্গে ব্রিটেনের গোপন ইসলামি জঙ্গি সংগঠনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানা যায়। হামলার সময়কার সিসিটিভিতে ধারণ করা জঙ্গিদের ছবি দেখে তাদের পরিচয় উদঘাটন করে পুলিশ। পরে মূল পরিকল্পনাকারী আল-কায়েদা সদস্যদের খোঁজ পাওয়া যায়।
সোমবার লন্ডনের ওল্ড বেইলি সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টের বিচারক মিশেল অস্টিল তার রায় ঘোষণার সময় বলেন, “প্রাণ হরণের জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আসামিদের মুক্তির প্রশ্ন উঠতে পারে না। তাদের সবাই অথবা কেউ কেউ কখনোই হয়তো মুক্তি পাবেন না।”
বিচারক অভিযুক্তদের উদ্দেশে আরও বলেন, ব্রিটিশ সমাজ ব্যবস্থার সুবিধার পুুরোটাই আপনারা নিয়েছেন অথচ তাকেই ধ্বংস করতে চেয়েছেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর যুক্তরাষ্ট্রকে সহযোগিতার কারণে ব্রিটেনের ওপর প্রতিশোধ নিতে জঙ্গিরা ছয়শ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করে বোমাগুলো তৈরি করেন।
