২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের কানসাসে গুলিবর্ষণে নিহত ৪

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে রোববার আকস্মিক গুলিবর্ষণের ঘটনায় হামলাকারীসহ চারজন নিহত হয়েছেন। অজ্ঞাত পরিচয় হামলাকারী একটি ব্যস্ত বিপণি বিতানে দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Apr 2007, 01:35 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

এর আগে একটি বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান এক নারী। পরে পুলিশের গুলিতে নিহত হয় ওই বন্দুকধারী। কানসাসের পুলিশ একথা জানিয়েছে।

পুলিশ জানায়, নগরীর ব্যস্ত বিপণি বিতানটির পার্কিঙে ঢুকে আকস্মিকভাবে গাড়ি পার্কিংরত দুই ব্যক্তিকে গুলি করলে ঘটনাস্থলেই মারা যান তারা। এরপর বিপণি বিতানের ভেতরে ঢুকে পড়ে উত্তেজিত অবস্থায় গুলি চালাতে থাকলে আহত হয় আরও দুইজন। এ সময় পুলিশের কর্মীদের গুলিতে নিহত হন ওই হামলাকারী।

পুলিশ তদন্ত করে দেখছে এর আগে শহরের কাছে গুলিবর্ষণে এক নারীর মৃত্যুর ঘটনায় ওই বন্দুকধারী জড়িত কিনা। পুলিশ সার্জেন্ট টনি স্যান্ডার্স একথা জানান।

স্থানীয় টেলিভিশন প্রতিবেদনে বলা হয়, রোববার শহর থেকে ছয় মাইল দূরে নিজ বাড়ির রান্নাঘরে গুলিতে নিহত হন ৬৭ বছরের এক নারী। তার পরিবারের সদস্যরা জানিয়েছে তাকে উত্যক্ত করছিলেন এক পুরুষ প্রতিবেশী।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের গুলিতে ৩২ জনের মৃত্যুর ঘটনার দুই সপ্তাহ পরেই এ ঘটনা ঘটলো।