দারফুরের খাদ্য সাহায্য আটকে দিয়েছে সুদান: জাতিসংঘ
জাতিসংঘের খাদ্য সংস্থা (ডাব্লিউএফপি) বুধবার বলেছে, ‘জিনগতভাবে পরিবর্তিত’ অভিযোগ এনে সুদান কর্তৃপক্ষ দারফুর অভিমুখী এক লাখ টন জোয়ার আটকে রেখেছে।
রোমে ডাব্লিউএফপির এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র থেকে আসা ওই জোয়ার পোর্ট সুদানে আটকে রাখা হয়েছে। একইসঙ্গে তিনি বলেন, ল্যাবরেটরির পরীক্ষায় দেখা গেছে তা জিনগতভাবে পরিবর্তিত নয়।
ডাব্লিউএফপির মুখপাত্র ক্যারোলিন হারফোর্ড বলেন, “কানাডীয় যে মটরশুঁটি সম্পর্কেও অভিযোগ সুদানের, তার সঙ্গে আমরা এটিরও পরীক্ষা করেছি একটি ফরাসি ল্যাবরেটরিতে। তাতে দেখা গেছে পাঠানো ওই খাদ্যে কোনোটাই জিনগতভাবে পরিবর্তিত নয়। তাছাড়া বাজারে কোনো জিনগতভাবে পরিবর্তিত জোয়ার নেই। এর কোনো অস্তিত্বও নেই।”
সাহায্য সংস্থার সূত্রগুলো বলছে, সুদান পাঠানো খাদ্য আটকে দিচ্ছে এজন্য যে তারা চায় স্থানীয় খাদ্যদ্রব্য কিনে নিক ডাব্লিউএফপি।
হারফোর্ড বলেন, “ভাল ফলন হওয়ায় আমরা কিছু খাদ্য সুদানের কাছ থেকে কিনতে চাই। কিন্তু তহবিলের কারণে আমরা কী পরিমাণ কিনতে পারবো সেক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। আমাদের অধিকাংশ খাদ্য সাহায্য দেওয়া হয় নগদ অর্থের বদলে। যেমন যুক্তরাষ্ট্রের জোয়ার দেওয়ার বিষয়টি।”
এদিকে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি খাদ্য সাহায্য সংগ্রহ ও সরবরাহকারী সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মুখপাত্র হ্যারি এডওয়ার্ড ওয়াশিংটনে বলেছেন, ডাব্লিউএফপিকে দেওয়া খাদ্যশস্যে জিনগতভাবে পরিবর্তিত কোনো উপাদান নেই।
সূত্রগুলো আরও বলছে, দারফুরের সহিংসতা বন্ধে সরকারের ওপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের পরিপ্রেক্ষিতে খার্তুম হয়তো খাদ্য সাহায্যকে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
জাতিসংঘের ধারণা, ২০০৩ সালের পর থেকে সুদানের বিস্তির্ণ পশ্চিমাঞ্চলে প্রায় দুই লাখ মানুষের প্রাণহানি হয়েছে, পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে ২৫ লাখ। ওই সময় বিদ্রোহীরা সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে অস্ত্র হাতে তুলে নেয়।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, বিদ্রোহ দমনের লক্ষ্যে সুদান সরকার আরব মিলিশিয়াদের অস্ত্র দিয়ে সাহায্য করছে। তবে খার্তুম সে অভিযোগ প্রত্যাখান করে আসছে।
দারফুরের সহিংসতাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। সুদান সরকারের বিরুদ্ধে তাদের অভিযোগ, সেখানকার সাহায্য কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র খার্তুমকে হুমকি দিয়েছে অবরোধ এবং অন্যান্য শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের।
এ অবস্থায় দারফুর ইস্যুতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি সিদ্ধান্ত হবে আশা করা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক সাবেক উপসহকারী মন্ত্রী এবং ডব্লিউএফপির নতুন প্রধান জোসেট শিরান বুধবার সুদান সফর শুরু করেছেন। সংস্থাটির নির্বাহী পরিচালক হওয়ার পর মাঠপর্যায়ে এটাই তার প্রথম সফর।
