ইথিওপীয় সেনাদের ওপর হামলার দাবি করেছে সোমালি জঙ্গিরা
সোমালিয়ায় ইথিওপীয় সেনাদের ওপর আত্মঘাতী ও গাড়িবোমা হামলার দাবি করেছে সোমালি জঙ্গিরা। বুধবার ইন্টারনেটে প্রচারিত এক বিবৃতিতে ইয়ং মুজাহিদিন মুভমেন্ট পরিচয় দিয়ে সোমালিয়ার ওই সংগঠনটি এ হামলার দাবি জানায়।
বিবৃতিতে তারা আরও বলেছে, সোমালিয়ার রাজধানীতে একটি ইথিওপীয় সামরিক বহরে গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়ে তাদের যোদ্ধারা দুটি ট্রাক ধ্বংস করেছে।
বিবৃতিতে বলা হয়, মোগাদিসুর ৩০ কিলোমিটার পশ্চিমের ছোট শহর আফগুয়িতে অবস্থিত ইথিওপিয়ার একটি সামরিক ঘাঁটিতে মঙ্গলবারের আত্মঘাতী বোমা হামলা চালায় ওথমান অতিবু নামে সংগঠনটির এক কেনীয় সদস্য।
আত্মঘাতী হামলার পর ইথিওপিয় সেনা ও তাদের যোদ্ধাদের মধ্যে সাত মিনিট ধরে সংঘর্ষ হয় বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
বিবৃতিটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে বিবৃতিটি এমন একটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যেটি আফগানিস্তান, ইরাক ও সোমালিয়ার ইসলামি জঙ্গিরা ব্যবহার করে থাকে।
সোমালী-ইথিওপীয় মিত্র সেনাদের সঙ্গে সোমালী জঙ্গিদের সপ্তাহব্যাপী সংঘর্ষে তিনশ জনের প্রাণহানির পর সংঘটিত হয় মঙ্গলবারের ওই হামলা।
ক্রমবর্ধমান সহিংসতার পরিপ্রেক্ষিতে আফ্রিকার এ দেশটিতে কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠার সরকারি প্রচেষ্টা বিঘিœত হচ্ছে।
দি ইয়ং মুজাহিদিন মুভমেন্ট গত সপ্তায় ইথিওপীয় সেনাদের ওপর প্রথম আত্মঘাতী হামলার দাবি জানায়। ওই সেনারা ইথিওপিয়ার অন্তর্বর্তী সরকারকে ইসলামি জঙ্গি দমনে সাহায্য করছে।
সোমালিয়ার অধিকাংশ অধিবাসীই উদারপন্থী মুসলমান। গত বছর ইসলামি আন্দোলনকারীরা দক্ষিণের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার এবং প্রাদেশিক শহর বাইদোয়ায় সরকারকে বিচ্ছিন্ন করে ফেলার আগ পর্যন্ত দেশটি আত্মঘাতী হামলার সঙ্গে পরিচিত ছিল না।
তবে বাইদোয়া এবং মোগাদিসু উভয় স্থানেই এখন ওই ধরনের হামলা হচ্ছে। আর যুক্তরাষ্ট্রসহ সমালোচকরা বলছেন, আল কায়েদার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইসলামি আন্দোলনকারীদের।
