ইরাক থেকে সেনা প্রত্যাহারে বুশের ওপর ডেমোক্রেটদের চাপ অব্যাহত
যুদ্ধ ব্যয় সংক্রান্ত বিলে ২০০৮ সালের ৩১ মার্চের মধ্যে ইরাক থেকে অধিকাংশ সেনা প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত রাখতে সোমবারও চেষ্টা চালিয়েছেন কংগ্রেসের ডেমোক্রেট নেতারা। ওই বিলে ৩১ মার্চের মধ্যে ইরাক থেকে অধিকাংশ সেনা প্রত্যাহারের বিষয় থাকলে তাতে ভেটো দেওয়ার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ।
সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্যদের নিয়ে গঠিত ডেমোক্রেট নিয়ন্ত্রিত একটি প্যানেলের অনুমোদন পেয়েছে বিলটি। আর বিলটির ওপর এ সপ্তাহেই কংগ্রেসে ভোট হওয়ার কথা।
বিলটিতে সর্বোচ্চ ২০০৭ সালের ১ অক্টোবর এবং সম্ভব হলে ১ জুলাই থেকেই সেনা প্রত্যাহার শুরুর শর্ত জুড়ে দিয়েছেন ডেমোক্রেট নেতারা। তবে ওই সময়ের মধ্যে বুশকে নিশ্চিত করতে হবে যে ইরাকের অবস্থা উন্নতির দিকে যাচ্ছে।
যুদ্ধ ব্যয়ের অর্থ সংক্রান্ত বিলটির প্রতিনিধি পরিষদের কঠোর সংস্করণের মতো নয় নতুন এ সংস্করণ। বরং এতে ডেমোক্রেটরা তুলনামূলক নমনীয় অবস্থান নিয়েছেন। প্রথম বিলে ২০০৮ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছিল। নতুন বিলে ২০০৮ সালের মার্চ নাগাদ ইরাক থেকে অধিকাংশ সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে, তবে এর সঙ্গে কোনো ধরনের বাধ্যবাধকতার শর্ত জুড়ে দেওয়া হয়নি। তাই এটি সিনেটে ব্যাপক সমর্থন পাবে বলে ধারণা করা হচ্ছে।
দশ হাজার কোটি মার্কিন ডলারের এ যুদ্ধ তহবিল বিলটি নিয়ে আলোচনায় পাঁচ বছরে পা দেওয়া ওই যুদ্ধের ব্যবস্থাপনা নিয়ে বুশ ও ডেমোক্রেটদের মধ্যে ধারাবাহিক বিতর্ক শুরু হয়েছে।
উইসকনসিন ডেমোক্রেট ও হাউজ অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির চেয়ারম্যান ডেভিড ওবে স্বীকার করেছেন, বুশের প্রত্যাশিত ভেটোকে পরাস্ত করার মতো ভোট নেই তার দলের।
ওবে বলেন, তবে বিলটি ইরাকিদের জানতে সাহায্য করবে যে তাদের নিরপত্তা দেওয়া সংক্রান্ত যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিশ্রুতি অনির্দিষ্টকালের জন্য নয় এবং এটি ‘ওই গৃহযুদ্ধ থেকে আমাদের বেরিয়ে আসতে’ বুশকে একটি বিকল্প পথ খুঁজে বের করার চাপে রাখবে।
কমিটিতে ওবের রিপাবলিকান প্রতিপক্ষ ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান জেরি লিউইস বলেছেন, বিলটির মাধ্যমে কংগ্রেস প্রস্তুতি নিচ্ছে ইরাকে তার শত্রুদের প্রতি আত্মসমর্পণের একটি বার্তা পাঠানোর।
এর আগে বুশ হোয়াইট হাউজে তার ভেটো ক্ষমতার হুমকির দিয়ে বলেন, “আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে জেনারেলরা কীভাবে তাদের কাজ করবে সে বিষয়ে তাদেরকে জ্ঞান দেওয়া উচিত হবে না ওয়াশিংটনের ওইসব রাজনীতিবিদদের।”
একইসঙ্গে বুশ বলেন, “আমি বিশ্বাস করি প্রত্যাহারের কৃত্রিম সময়সীমা বেঁধে দেওয়া একটি ভুল পদক্ষেপ হতে পারে।”
এদিকে সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নেভাদার ডেমোক্রেট হ্যারি রিড সোমবার বুশকে অভিযুক্ত করেছেন যোগাযোগহীন হয়ে পড়ার। গত সপ্তাহে রিড বলেছিলেন, ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘পরাজিত’ হয়েছে।
বিলটির নতুন সংস্করণে যুদ্ধে যাওয়ার আগে সেনা সদস্যদের পর্যাপ্ত প্রশিক্ষণ, প্রস্তুতি এবং বিশ্রাম হয়েছে কিনা তা নিশ্চত করতে বলা হয়েছে সামরিক নেতাদের। সমালোচকরা বলছেন, চার বছরের যুদ্ধ শেষে পেন্টাগন সেনা সদস্যদের অপ্রস্তুত এবং ক্লান্ত অবস্থায় যুদ্ধ করতে তাড়া দিচ্ছে।
ধারণা করা হচ্ছে, কংগ্রেসে বিলটি পাস হলেও বুশের প্রতিশ্রুত ভেটোর ফলে তা আটকে যেতে পারে। আর ডেমোক্রেট নেতারা তখন দ্রুততার সঙ্গে একটি নতুন বিল তৈরি করে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধরত সেনাদের তহবিল সরবরাহ অব্যাহত রাখার চেষ্টা চালাবেন। তবে নতুন সে বিলে আর কোনো শর্ত থাকতে পারে কিনা তা এখনও পরিষ্কার নয়।
ধারণা করা হচ্ছে, ইরাক যুদ্ধের বিষয়ে ডেমোক্রেটদের তীব্র বিরোধিতা এবং সেখানে নিহত মার্কিন সেনার সংখ্যা তিন হাজার ৩০০ ছাড়িয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বুশ তার সেনাদের আরও বেশি সময় ধরে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য রাজনৈতিক সমর্থন ধরে রাখার চেষ্টা চালাবেন।
