ইয়েলৎসিনের মৃত্যু সোভিয়েত ইউনিয়নের পতনের স্মৃতি মনে করিয়ে দিল বিশ্বকে
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস নিকোলায়েভিচ ইয়েলৎসিন মারা গেছেন, বয়স হয়েছিলো ৭৬। তার মৃত্যু বিশ্বকে যেন হঠাৎ করেই ফিরিয়ে নিয়ে গেছে সোভিয়েত ইউনিয়ন পতনের দিনগুলোতে।
সমাজতন্ত্রের কবর রচনা করে পুঁজিবাদের ধ্বজাধারী পশ্চিমা ধাঁচের এক রাশিয়ার পত্তন করেন ইয়েলৎসিন। উন্মত্ত এ অভিযানে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায় সোভিয়েত ইউনিয়ন। সমাজতন্ত্র থেকে বাজার অর্থনীতিতে প্রবেশের জন্য সংস্কার কর্মসূচিতে টালমাটাল রাশিয়ার রাশ টানতে পারেননি ইয়েলৎসিন নিজেই। তাই সমালোচকরা তাকে দেখেছেন বিশ্বাসঘাতক হিসেবে। তবে, পশ্চিমা বিশ্ব তাকে দেখেছে গণতন্ত্র আর পুঁজিবাদের নতুন যুগের প্রবক্তা হিসেবে।
রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, “একটি নতুন যুগের প্রবর্তক মানুষটি চলে গেলেন, তাকে ধন্যবাদ। তার নেতৃত্বে বিশ্বের জন্য উন্মুক্ত এক নতুন গণতান্ত্রিক রাশিয়ার জন্ম হয়েছে। যে রাশিয়ার সব ক্ষমতা সত্যিকার অর্থেই তার জনগণের হাতে। ”
ইয়েলৎসিনের অনুসারী হিসেবে রাশিয়ার কর্তৃত্ব হাতে নেন পুতিন। কিন্তু ইয়েলৎসিনের নেওয়া অর্থনৈতিক সংস্কার কর্মসূচির ফলে রাশিয়ায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তা থেকে পরিত্রাণের জন্যই সেখান থেকে সরে এসেছিলেন পুতিন। অনেক রাশিয়ানই সে সময়ে পুতিনকে সমর্থন করেছিলেন। পূর্বসূরীর মৃত্যুতে বুধবার রাশিয়ায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন পুতিন।
সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্ভাচেভ তার প্রতিক্রিয়া জানিয়েছেন সতর্কভাবে। তিনি বলেছেন, “মৃতের পরিবারের প্রতি গভীরতম সমবেদনা জানাচ্ছি আমি। এ দেশের মঙ্গলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ঘটনার ভার তার কাঁধেই ছিল। একইসঙ্গে অনেক মারাত্মক ভুলের দায়িত্বও ছিল তার।” গর্ভাচেভকে উৎখাতের মধ্য দিয়েই রাশিয়ার ক্ষমতায় এসেছিলেন ইয়েলৎসিন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ বলেছেন, “রাশিয়ার স্বাধীনতার ভিত্তি তৈরিতে অবদান রেখেছিলেন তিনি।”
বুশের পূর্বসূরী বিল ক্লিনটন সাবেক এ রুশ নেতাকে একজন ভাল বন্ধু হিসেবে উল্লেখ করে বলেছেন, “নিয়তি তাকে দায়িত্ব দিয়েছিল একটি কঠিন সময়ে দেশ শাসনের। কিন্তু ইতিহাস অবশ্যই তার প্রতি সদয় হবে, কেননা তিনি সাহসী ছিলেন এবং শান্তি, স্বাধীনতা ও উন্নতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পেরেছিলেন।”
দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেওয়া ইয়েলৎসিন ছিলেন রাশিয়ার প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট এবং একইসঙ্গে স্বেচ্ছায় পদত্যাগকারী ক্রেমলিনের প্রথম নেতা। কমিউনিস্ট আন্দোলনের মধ্য দিয়ে পার্টিতে নিজের জায়গা করে নেন তিনি। পরে মস্কোতে তাকে পার্টির নেতৃত্বে তুলে আনেন গর্ভাচেভ। কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে জনপ্রিয় আন্দোলনের নেতৃত্বে চলে আসেন ইয়েলৎসিন এবং সোভিয়েত ইউনিয়নের কাঠামোর মধ্যে থাকাকালেই বিপুল ভোটে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
ইয়েলৎসিনের উত্থান এবং তার ক্ষমতারোহন ছিল অত্যন্ত নাটকীয়। ১৯৯১ সালের আগস্টে তিনি গর্বাচভের গ্লাসনস্ত ও পেরোস্ত্রোইকা যুগের অবসান ঘটানোর অভ্যুত্থান প্রতিহত করার নেতৃত্ব দেন। ওই সময় এক অভ্যুত্থান প্রচেষ্টায় গর্ভাচেভকে জিম্মি করে ফেলেন কিছু কট্টরপন্থী। ক্রেমলিনের সামনে সমবেত জনতাকে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে উদ্বুদ্ধ করতে এরপর নিজেই একটি ট্যাংকের ওপর উঠে পড়ে বক্তৃতা করতে শুরু করেন ইয়েলৎসিন।
এর ঠিক চার মাস পরেই বেলারুশের একটি বাংলোতে বসে সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার চুক্তিতে সই করেছিলেন ইয়েলৎসিন। সে সময় তিনি ও তার সহস্বাক্ষরকারীরা মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে ফোন করে বিষয়টি জানানোর পরই ক্রেমলিনে গর্ভাচেভকে সংবাদটি দিয়েছিলেন।
ব্যক্তি ইয়েলৎসিনের আক্ষরিক অর্থেই ছিলেন মাতাল স্বভাবের। পাশাপাশি রাজনীতিতে তার উন্মত্ত আচরণকে মানানসই হিসেবেই দেখেছে গোটা বিশ্ব।
