এভারেস্ট বিজয়ী এডমুন্ড হিলারি হাসপাতালে
হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শিখর এভারেস্ট বিজয়ী প্রথম ব্যক্তি স্যার এডমুন্ড হিলারি (৮৭) নিউজিল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি আছেন এবং তার অবস্থার উন্নতি হচ্ছে। পারিবারিক সূত্রে মঙ্গলবার এ খবর জানা গেছে।
নেপাল থেকে ফেরার পর গত রোববার অকল্যান্ড হাসপাতালে ভর্তি হন বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আরোহী হিলারি। হাসপাতালটির মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তার স্ত্রী এ খবর জানান।
বিবৃতিতে লেডি হিলারি বলেন, “তার অবস্থা স্বস্তিকর এবং প্রত্যেক দিনই তার অবস্থার উন্নতি হচ্ছে।”
হিলারির কী সমস্যা হয়েছিল সে সম্পর্কে বিবৃতিতে কোনো মন্তব্য করা হয়নি। পাশাপাশি তার পড়ে যাওয়া সংক্রান্ত স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরও নিশ্চিত করা হয়নি বিবৃতিতে।
১৯৫৩ সালে নেপালের শেরপা তেনজিং নরগের সঙ্গে আট হাজার ৮৫০ মিটার উচ্চতার হিমালয়ের সর্বোচ্চ শিখরে আরোহণ করেন হিলারি। আর ৮৭ বছর বয়স হলেও এখনও বেশ সাবলিলভাবেই চলাফেরা করেন তিনি।
এ মাসের প্রথম দিকে তিনি নেপাল সফর করেন তার হিমালয়ান ট্রাস্টের সহযোগিতায় নির্মিত প্রকল্পগুলো পরিদর্শনের জন্য। আর নিউজিল্যান্ডের স্কট বেজ বৈজ্ঞানিক কেন্দ্রর ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জানুয়ারিতে তিনি সফর করেন অ্যান্টার্কটিকা। প্রসঙ্গত, বৈজ্ঞানিক কেন্দ্রটি প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন হিলারি।
