২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নকলের অভিযোগে মার্কিন মামলা বাণিজ্য সম্পর্ক বাধাগ্রস্ত করবে: চীন

চীনের বিরুদ্ধে পণ্য নকলের অভিযোগ এনে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডাব্লিউটিও) যুক্তরাষ্ট্রের মামলা দুই দেশের বাণিজ্য সম্পর্ককে বাধাগ্রস্ত করবে বলে সতর্ক করেছেন চীনা উপপ্রধানমন্ত্রী উ ই।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Apr 2007, 12:23 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

মঙ্গলবার তিনি বলেন, এ তৎপরতা দুই দেশের মধ্যে সহযোগিতায় ‘দারুণ নেতিবাচক প্রভাব’ ফেলবে। তিনি জোর দিয়ে বলেন, চীন প্যাটেন্ট ও কপিরাইট অধিকার রক্ষায় বদ্ধপরিকর।

চীনের বিরুদ্ধে পণ্য নকলের অভিযোগ এনে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডাব্লিউটিও) এ মাসের শুরুতে দুটি মামলা করে যুক্তরাষ্ট্র। এর একটিতে বলা হয়, চীন মার্কিন চলচ্চিত্র ও সঙ্গীতের নকল সিডি ও অডিওভিজুয়াল পণ্য তৈরির ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। এছাড়া, এ ধরনের পণ্য আমদানিতে এমন সব নিষেধাজ্ঞা আরোপ করেছে যাতে মার্কিন উদ্যোক্তারা চীনে ব্যবসা করতে না পারেন।

চীন ওয়াশিংটনের এ তৎপরতার তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় নেতৃত্বদানকারী উ জোর দিয়ে বলেন, এসব তৎপরতা দুই দেশের বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।

বেইজিঙে মেধাস্বত্ত্ব আইন রক্ষায় তৎপর একটি ফোরামে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি নকল প্রতিরোধে চীনের ব্যাপক তৎপরতার দিকটি মোটেই বিবেচনায় নেননি।”

“এ ধরনের বিতর্ক সমাধানে দুই দেশের নেতারা যখন একমত হলেন ঠিক তখনই ওয়াশিংটন এসব মামলা দায়ের করলো। এর প্রভাব হবে খুবই নেতিবাচক এবং তা দুই দেশের মধ্যে মেধাস্বত্ত্ব আইন নিয়ে পারস্পরিক সহযোগিতার পাশাপাশি বাজার সম্প্রসারণের বিষয়টিকেও দারুণ বাধাগ্রস্ত করবে।”

“চীন সরকার এ নিয়ে খুবই অসন্তুষ্ট। তবে আমরা ডাব্লিউটিওর নিয়মানুযায়ী এর জবাব দেব এবং এর শেষ দেখে ছাড়বো।”

চীনের বাজারে মার্কিন চলচ্চিত্র ও সঙ্গীতের নকল সিডি ও অডিওভিজুয়াল পণ্য অবাধে বিক্রি হয়ে থাকে। এ নিয়ে যুক্তরাষ্ট্র বরাবরই অভিযোগ করে আসছিল যে এ প্রবণতা প্রতিরোধে চীন যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।