২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ইয়ার’আদুয়া এগিয়ে

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন পার্টির প্রার্থী ইয়ামারু ইয়ার’আদুয়া এগিয়ে রয়েছেন। প্রাথমকি ফলাফলে সোমবার এ তথ্য জানা গেছে। এদিকে, শনিবার অনুষ্ঠিত ওই নির্বাচনের সমালোচনা করেছেন পর্যবেক্ষকরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Apr 2007, 05:35 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

বিশ্লেষকদের ধারণা, ক্ষমতাসীনের শক্তি এবং ব্যাপক তহবিলের কারণে জয়লাভ করতে পারেন ইয়ার’আদুয়া। তবে দারিদ্র ও দুর্নীতিতে নিমজ্জিত দেশটির ভোটারদের ব্যাপক সমর্থন বিরোধী প্রার্থী বুহারিকে প্রতিদ্বন্দ্বিতায় আনতে পারে বলেও মন্তব্য করেন তারা।

আন্তর্জাতিক ও স্থানীয় পর্যবেক্ষকরা বলেন, তেলসমৃদ্ধ দেশটির একজন নির্বাচিত নেতার কাছ থেকে আরেকজন নির্বাচিত নেতার কাছে প্রথমবারের মতো ক্ষমতা হস্তান্তর হতে যাওয়ার এ নির্বাচন সহিংসতা এবং ব্যালট বাক্স ও ভোটের কাগজের ঘাটতির জন্য দারুণ বাধাগ্রস্ত হয়েছে।

ব্রিটেনের কাছ থেকে ১৯৬০ সালে স্বাধীন হওয়ার পর থেকে দুর্নীতিতে নিমজ্জিত এবং কয়েক দশকের সেনা শাসনে বিপর্যস্ত দেশটির নির্বাচন সম্পর্কে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর পিয়েরে-রিচার্ড প্রসপার বলেন, “দেশটির শাসন ব্যবস্থা জনগণের আকাঙ্খাকে ব্যর্থ করে দিয়েছে।”

আইআরআই আরও বলেছে, ১৪ কোটি মানুষের এবং আফ্রিকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ নাইজেরিয়ার শনিবারের নির্বাচন গ্রহণযোগ্যতার সর্বনিু মানেরও নিচে রয়েছে। অপরদিকে, ট্রানজিশন মনিটরিং গ্রুপের স্থানীয় পর্যবেক্ষকরা বলেছেন, নির্বাচন অবশ্যই বাতিল ঘোষণা করতে এবং তা আবারও অনুষ্ঠিত হতে হবে।

প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক শক্তিঘর হিসেবে বিবেচিত নাইজেরিয়া ওই মহাদেশটি জুড়ে গণতন্ত্র বিস্তারে প্রধান একটি শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে বলে আশাবাদ জানিয়েছিলেন বিশ্ব নেতারা।

সোমবার রিভার্স রাজ্য তাদের নির্বাচনী ফলাফল প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, রাজ্যটিতে ক্ষমতাসীন পিপল’স ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) এবং নাইজেরিয়ার প্রেসিডেন্ট ওলুসেগুন ওবাসাঞ্জোর পছন্দের প্রার্থী ইয়ার’আদুয়া সামান্য ব্যবধানে জয় পেয়েছেন। দুই মেয়াদে ক্ষমতায় থাকার পর প্রেসিডেন্ট পদ থেকে এবার পদত্যাগ করছেন ওবাসাঞ্জো।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল সোমবারই ঘোষণা করার কথা। ওইদিনই ইউরোপিয়ান ইউনিয়নের একটি দলসহ আরও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচন সম্পর্কে তাদের রায় দেবেন।

এদিকে, বিরোধী প্রার্থী ও সাবেক সেনা শাসক মুহাম্মাদু বুহারি বলেছেন, তিনি নির্বাচনের ফলাফল মেনে নেবেন না। একইসঙ্গে তিনি ওবাসাঞ্জোকে ইমপিচ করতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানান।

তাছাড়া বিরোধীরা আরও বলেছে, পিডিপির প্রার্থী জয়লাভ করলে সমর্থকদের নিয়ে রাজপথে নামতে পারেন তারা।

বিশ্বের অষ্টম বৃহৎ তেল রপ্তানিকারক এ দেশটিতে এক সপ্তাহ আগের আঞ্চলিক এবং গত শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সহিংসতায় প্রাণহানী হয়েছে কমপক্ষে ৬৫ জনের।

এদিকে নাইজেরিয়া সরকার জানিয়েছে, অভ্যুত্থান ষড়যন্ত্রের আলামত পাচ্ছে তারা। সরকার বলছে, শনিবার পেট্রল ট্যাংকার দিয়ে নির্বচনী সদর দপ্তর উড়িয়ে দিতে ব্যর্থ হওয়ার পর নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে অজ্ঞাত কিছু ষড়যন্ত্রকারী।

পুলিশ রাজধানী আবুজায় অবস্থিত নির্বাচনী সদর সপ্তরে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা এবং সেখান থেকে কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।

অন্যদিকে বিদায়ী ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট ওবাসাঞ্জোর কট্টোর সমালোচক আতিকু আবুবকর বলেছেন, “নাইজেরিয়ার ইতিহাসে এটা সবচেয়ে খারাপ নির্বাচন। নির্বাচন বাতিল করা ছাড়া তাদের কাছে আর কোনো বিকল্প পথ খোলা নেই।”

এছাড়া নাইজেরিয়া সরকারের তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি সিনেট প্রেসিডেন্ট কেন এননামানি বলেছেন, ব্যাপক নির্বাচনী অনিয়ম বিজয়ীর বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে তুলবে এবং এতে জটিলতার সৃষ্টি হবে।

ভোট কেন্দ্রগুলোতে ভোটের জিনিসপত্র দেরিতে আসার কথা স্বীকার করেছেন নাইজেরিয়ার প্রধান নির্বাচন কমিশনার। তবে তিনি অধিকাংশ এলাকায় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ার দাবি করেছেন।