চাপের মুখেও পরমাণু চুক্তি নিয়ে তাড়াহুড়ো করবে না ভারত
যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক পরমাণু সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনায় অচলবস্থা এবং ওয়াশিংটনের হতাশার মাঝেও তাড়াহুড়ো করতে রাজি নয় ভারত। একথা যুক্তরাষ্ট্রকে স্পষ্টই জানিয়েছে নয়াদিল্লি। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ভারতের এক কর্মকর্তা সোমবার একথা বলেন।
অজ্ঞাতপরিচয় ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, “২০০৮ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনী তোড়জোড় শুরুর আগেই পরমাণু চুক্তি চূড়ান্ত করতে ওয়াশিংটনের তাড়া থাকার ব্যাপারটি নয়াদিল্লি বোঝে। কিন্তু এজন্য চুক্তির নতুন পরিভাষা তারা মেনে নিতে পারে না। তাই চুক্তি নিয়ে আরো আলোচনা দরকার বলেই ভারত মনে করে।”
কর্মকর্তা আরও বলেন, “ দুপক্ষই অবিলম্বে চুক্তি চূড়ান্ত করতে চায়। কিন্তু বাস্তব কয়েকটি ইসু সমাধান হওয়া জরুরি।”
ওই ইসুগুলো বাদ দিয়ে চূড়ান্ত কোনোকিছু হওয়া সম্ভব নয় উল্লেখ করে কর্মকর্তা বলেন, “বর্তমান মার্কিন প্রশাসন ক্ষমতার শেষ পর্যায়ে চলে এসেছে। সেকারণেই বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি না হলে পরে তা আরো কঠিন হয়ে পড়বে বলে ভারত উদ্বিগ্ন।”
তিনি বলেন, “আমাদের ওপর চাপ থাক বা না থাক, আমাদেরকে নিশ্চিত হতে হবে যে, মূল ইসু-সেগুলো যাই হোক না কেনো তা যেনো
সন্তোষজনকভাবেই নিষ্পত্তি হয়।”
যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিকাশের প্রতীকী এই পরমাণু চুক্তির বদৌলতে ভারত বিদ্যুৎ উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্র থেকে পরমাণু জ্বালানি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে পারবে। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)তে স্বাক্ষর না করেও এবং ইতোমধ্যেই পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর পরও ওই চুক্তিবলে ভারত পরমাণু জ্বালানি কেনার সুবিধা পাবে।
মার্কিন কংগ্রেস ইতোমধ্যেই চুক্তিটি অনুমোদন করেছে। প্রেসিডেন্ট বুশও ডিসেম্বরে তাতে স্বাক্ষর করেছেন। কিন্তু মার্কিন কর্মকর্তারা বলছেন, চুক্তিটি চূড়ান্ত করতে দুপক্ষে যে সমঝোতা হওয়া প্রয়োজন তার ধীর অগ্রগতিতে তারা হতাশ।
দুপক্ষের মধ্যে চুক্তি নিয়ে মতনৈক্যের বিষয়গুলো মার্কিন কর্মকর্তারা ব্যাখ্যা করেননি। তবে ভারতের কর্মকর্তারা বলছেন, কিছু কিছু শর্ত নিয়ে দুপক্ষের মধ্যে মতবিরোধ আছে। যেমন: নয়াদিল্লি আরেকটি পরমাণু অস্ত্র পরীক্ষা চালালে পরমাণু সহযোগিতা বন্ধ করে দেওয়া, সমৃদ্ধ জ্বালানি পুনরায় ব্যবহার করতে না দেয়া এবং স্থায়ীভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি-এগুলোই আলোচনায় সবচে বড় বাধা।
