২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে দোষ দেওয়া বন্ধ করুন: কারজাইয়ের প্রতি মুশাররফ

তালেবান তৎপরতা নিয়ে পাকিস্তানকে দোষারোপ করা বন্ধ করতে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইকে আহ্বান জানিয়েছেন পাক-প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। পোল্যান্ড, স্পেন, বসনিয়া ও তুরস্ক-এই চার দেশ সফরে বেরোনোর প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই আহ্বান জানান মুশাররফ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Apr 2007, 03:01 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

পাক-আফগান সীমান্তে তালেবানদের সক্রিয় তৎপরতা নিয়ে আফগানিস্তানের অভিযোগের কারণে সম্প্রদি দু’দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আফগানিস্তানের অভিযোগ পাক সীমান্ত থেকে তালেবানরা আফগানিস্তানে আত্মঘাতী হামলা চালাচ্ছে। তালেবান ঠেকাতে পাক সরকার যথেষ্ট ব্যবস্থা নিচ্ছেনা বলেও আফগানিস্তান অভিযোগ করেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান।

অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে দু’দেশের মধ্যকার উত্তেজনা কমাতেই মুশাররফ রোববার ওই আহ্বান জানান। কারজাইকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, “ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে অবিশ্বাস থাকলে তালেবান ও আল-কায়েদা-বিরোধী মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন ক্ষতিগ্রস্ত হতে পারে।”

তিনি আরো বলেন, “হামিদ কারজাইসহ আফগানিস্তানের নেতারা পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছেন। এসব অভিযোগের কোনো সত্য ভিত্তি নেই। তাই এগুলো বন্ধ হওয়া উচিত।”

এ মাসের শেষ দিকে তুরস্ক সফরকালে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে মুশাররফের। এ সম্পর্কে তিনি বলেন, “মাঠ পর্যায়ের বাস্তবতা কারজাই বুঝবেন এবং দুদেশের সম্পর্কে উত্তেজনা কমানোর সিদ্ধান্তে আসবেন-এ আশা নিয়েই তার সঙ্গে দেখা করব আমি।”

মুশাররফ জানান, তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ানের আয়োজিত বৈঠকেই কারজাইয়ের সঙ্গে আলোচনা করবেন তিনি। তবে এ বৈঠক কখন অনুষ্ঠিত হবে সে সম্পর্কে মুশাররফ কিছু বলেননি।