ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু
ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে রোববার। স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। শুক্রবারের প্রাক-নির্বাচনী জরিপে দেখা গেছে, দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে ডানপন্থী নিকোলাস সারকোসি সমাজতন্ত্রী সিগোলেন রয়েলের চেয়ে এগিয়ে আছেন।
নির্বাচনের প্রথম ধাপে মোট ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের কেউই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবেন না বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে শীর্ষ দুজনের মধ্যে দ্বিতীয় দফা প্রতিদ্বন্দ্বিতা হবে ৬ মে।
অবশ্য নির্বাচনী জরিপে একথাও বলা হয়েছে যে, ৪ কোটি ৪৫ লাখ ভোটারের অনেকেই এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন। ফলে শেষ মূহুর্তে এসেও যে কোন অঘটন ঘটে যেতে পারে।
প্রাক নির্বাচনী জরিপে তৃতীয় স্থানে রয়েছেন মধ্যপন্থী ফ্রাঙ্কোয়ে বায়রো এবং চতুর্থ স্থানে রয়েছেন উগ্র ডানপন্থী নেতা জ্যঁ-মারি লা পে।
ফ্রান্সের মূল ভূখণ্ডের বাইরে প্রায় ১০ লাখ ভোটার রয়েছেন। এদের বাস আমেরিকা ও ফ্রেঞ্চ পলিনেশিয়া অঞ্চলে। উত্তর আমেরিকায় ফ্রান্সের দুটি দ্বীপ সেন্ট পিয়েরে ও মিকুয়েলোনে ভোটার আছেন পাঁচ হাজার। মূল ভূখণ্ডের বাইরের ভোটাররা ভোট দিয়েছেন শনিবার।
এছাড়া ফ্রেঞ্চ গায়ানা, ক্যারিবীয় দ্বীপ মার্টিনিক ও গুয়াদালুপ এবং ফ্রেঞ্চ পলিনেশিয়ায় ভোট গ্রহণ শুরু হয়েছে মূল ভূখণ্ডের কয়েক ঘণ্টা আগে।
ভোট গ্রহণ শেষে রোববার ফ্রান্সের স্থানীয় সময় রাত আটটায় ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।
