নিরাপত্তা পরিষদ সংস্কারের নতুন প্রস্তাব পেশ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারের নতুন প্রস্তাবনা পেশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী নিরাপত্তা পরিষদের আকার অস্থায়ীভিত্তিতে না বাড়িয়ে এর পরিচালনা পরিষদ বড় করার কথা বলা হয়েছে।
জাতিসংঘের অধিকাংশ সদস্যের অভিযোগ, শিল্পোন্নত দেশগুলোর প্রভাব বেশি থাকায় ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ তাদের সঠিক প্রতিনিধিত্ব করে না। শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করা হয়, কারা নিরাপত্তা পরিষদের সদস্য হবে তা নিয়ে কয়েক দশক ধরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।
জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী এই অঙ্গ সংস্থাটি যুদ্ধ ও শান্তির প্রশ্নে নিজেই সিদ্ধান্ত নিতে পারে। ১৯৪৫ সালে গঠনের পর থেকে এর পাঁচটি স্থায়ী সদস্য রয়েছে। এরা হলো ব্রিটেন, চীন, রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র।
জাতিসংঘের ১৯২ সদস্যের অনুরোধে এ প্রতিবেদনটি তৈরি করা হয়। তিন মাস আলোচনার পর এর পাঁচ উদ্যোক্তা চিলি, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, সাইপ্রাস ও তিউনিশিয়া নতুন কিছু প্রস্তাব পেশ করে।
এদের সুপারিশমালায় রয়েছে বেশ কিছু অন্তর্বর্তী ব্যবস্থার কথা যেগুলো বিভিন্ন সময়ে পর্যালোচনা করা হবে। এসবের মধ্যে রয়েছে অস্থায়ীভিত্তিতে ছাড়াও স্থায়ী ভিত্তির কাছাকাছি পর্যায়ে অবস্থান দিয়ে আরও আসন যোগ করা।
এ প্রসঙ্গে জাতিসংঘে চিলির রাষ্ট্রদূত হেরাল্ডো মুনোজ বলেন, “আমার মতে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান চিত্র গ্রহণযোগ্য নয়। এ প্রতিবেদনের উদ্দেশ্য হলো, নিরাপত্তা পরিষদের লক্ষ্য পুনর্নির্ধারণ এবং এর অতীতের বিভিন্ন সিদ্ধান্ত পর্যালোচনা করা যা আগে সমাধান হিসেবে ভাবা হয়েছিল।”
ব্রাজিল, জার্মানি, ভারত ও জাপান পরিষদের স্থায়ী সদস্য হতে চায়। দেশ চারটির কর্মকর্তারা গত সপ্তাহে ব্রাসিলিয়ায় বৈঠকে বসেন নিজেদের অবস্থান পর্যালোচনার জন্য। এদের মধ্যে ভারত স্থায়ী আসন পাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। ২০০৫ সালে এরা একটি প্রস্তাব দেয় যাতে আফ্রিকা থেকে দুটি স্থায়ী আসন রাখার কথা বলা হয়েছে।
এদিকে পাকিস্তান ও ইতালির মতো মধ্যম আকারের দেশগুলো বিভিন্ন মেয়াদে আরও ১০টি অস্থায়ী আসন যোগ করার পক্ষপাতী।
প্রতিবেদনে বলা হয়, “সদস্য সংখ্যা বাড়ানো এই মুহূর্তে সম্ভব নাও হতে পারে। তবে এ সময়ের জন্য কোন প্রস্তাবগুলো গ্রহণযোগ্য হতে পারে, আমরা তা ভেবে দেখতে পারি। শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে কোন দেশ কী অবদান রেখেছে তার ওপর ভিত্তি করে পরিষদের আকার বড় করা যেতে পারে। তবে সেক্ষেত্রে কম প্রতিনিধিত্বশীল এবং উন্নয়নশীল ও ছোট দেশগুলোর দিকেও নজর দিতে হবে।”
