এবার নাসায় ক্ষ্যাপা বন্দুকধারীর তাণ্ডব
ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের পর এবার যুক্তরাষ্ট্রের নাসা দপ্তরে তাণ্ডব চালিয়েছে এক ক্ষ্যাপা বন্দুকধারী। শুক্রবার টেক্সাসে নাসার জনসন মহাকাশ কেন্দ্রে ওই বন্দুকধারী একজনকে হত্যা করে নিজের ওপর গুলি চালায়।
ঘটনার কারণ কিংবা হামলাকারীর পরিচয় জানা যায়নি। পুলিশ দুটি লাশই উদ্ধার করেছে। ওই ঘটনার সঙ্গে সঙ্গে নাসা ক্যাম্পাসের ভবনগুলো খালি করে ফেলা হয়।
পুলিশ মুখপাত্র ডাওনি রেডি জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয় সময় দুপুর দেড়টা দিকে পুলিশ সদস্যরা ৪৪ নম্বর ভবনে ঢুকে হামলাকারীর লাশ দেখতে পায়। তার মাথায় গুলির আঘাত ছিল। কাছেই পাওয়া যায় হামলাকারীর গুলিতে নিহত অপর ব্যক্তির লাশ। তবে বন্দুকধারী অপর যে নারীকে জিম্মি করেছিল, তিনি অক্ষত অবস্থায় বেঁচে গেছেন।
ডাওনি রেডি আরও জানান, বন্দুকধারীর বয়স ৫০ এর কোঠায় এবং তিনি শ্বেতাঙ্গ।
এদিকে ক্যালিফোর্নিয়ার জ্যাকবস ইঞ্জিনিয়ারিং গ্রুপ বলেছে, বন্দুকধারী তাদের প্রতিষ্ঠানের কর্মচারী বলে পুলিশের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি নাসায় বিভিন্ন কাজ করে থাকে।
শুক্রবার যে ভবনে ঘটনাটি ঘটে, তা নাসা ক্যাম্পাসের অন্য ভবনগুলো থেকে বেশ কিছুটা দূরে।
নাসা জানিয়েছে, ওই ঘটনায় সংস্থার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি।
বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গোলাগুলির পর এবার নাসার ঘটনায় যুক্তরাষ্ট্রের নাগরিকরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
সোমবার ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ে উন্মত্ত এক কোরীয় ছাত্রের গুলিতে ৩২ জন প্রাণ হারান।
