২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লারিজানি-সোলানা সংলাপ ২৫ এপ্রিল: ইইউ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হাভিয়ার সোলানা ২৫ এপ্রিল ইরানের শীর্ষ পরমাণু আলোচক আলী লারিজানির সঙ্গে বৈঠকে বসবেন। ইইউর এক কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছেন। তবে কোথায় ওই আলোচনা হবে তিনি তা জানাননি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Apr 2007, 04:01 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

ইরানের বার্তাসংস্থা আইএসএনএ এর আগে জানায়, লারিজানি ও সোলানা বৃহস্পতিবার টেলিফোনে আলাপকালে ২৫ এপ্রিল বৈঠকে বসার ব্যাপারে একমত হন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের ওপর দুদফা নিষেধাজ্ঞা আরোপের পর এটাই হলো আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইরানের সর্বসাম্প্রতিক যোগাযোগ।

আইএসএনএ সোলানার সঙ্গে লারিজানির কথপোকথন উদ্ধৃত করে বলেছে, ইরান তাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার অক্ষুন্ন রাখায় অটল হলেও ইইউ সবসময়ই তেহরানের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসতে প্রস্তুত।

এক রিপোর্টে আইএসএনএ জানায়, দুপক্ষের মধ্যে সমঝোতা অনুযায়ী, লারিজানি ও সোলানার মধ্যকার নতুন দফা আলোচনা ২৫ মার্চ বুধবার শুরু হবে।

পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের ওপর দুদফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। শক্তিধর দেশগুলো এখনো বলছে, ইরানকে পরমাণু কর্মসূচি পরিহার করতে হবে। কারণ, তাদের আশঙ্কা শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। কিন্তু ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

গতমাসে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বাণিজ্যিক ভিত্তিতে পরমাণু জ্বালানি উৎপাদনের ঘোষণা দিলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে এই কর্মসূচি নিয়ে সন্দেহের ধুম্রজাল সৃষ্টি হয়। সমালোচনার মুখে পড়ে ইরান। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরান ইসুর কূটনৈতিক সমাধানের কথা বলে আসলেও প্রয়োজনে সেখানে সামরিক হামলা চালানোর সম্ভাবনা নাকচ করেনি।