২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে কয়েকদফা গাড়ীবোমা হামলায় নিহত ১১৯

বাগদাদে বুধবার কয়েকদফা আত্মঘাতী গাড়ীবোমা হামলায় কমপক্ষে ১৭০ জন নিহত হয়েছে। প্রধানমন্ত্রী নূরী আল-মালিকি এ বছরের শেষ নাগাদ বিদেশি বাহিনীর হাত থেকে ইরাকের নিরাপত্তাভার নিয়ে নেয়ার কথা বলার কয়েকঘন্টা পরই এ হামলার ঘটনা ঘটল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Apr 2007, 08:47 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

বাগদাদের শিয়াপ্রধান শহর সদরিয়ায় গাড়ীবোমা বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ১১৯ জন এবং আহত হয়েছে ১৩৯ জন। সদর সিটির একটি পুলিশ ফাঁড়িতে আত্মঘাতী গাড়ীবোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৩০ জন। বাগদাদে তৃতীয় দফা বোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহতের সংখ্যা অন্ততপক্ষে দুই শতাধিক। পুলিশ একথা জানিয়েছে।

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে যুক্তরাষ্ট্র-বিরোধী উগ্রপন্থী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল সদরের ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছেন মালিকি। কিন্তু দেশকে এ বছরের শেষ নাগাদ বিদেশি সেনা মুক্ত করার কথা বলতে না বলতেই শিয়া এলাকাগুলোতে অন্তপক্ষে ৫ দফা গাড়ীবোমা হামলার এ ঘটনা সামনের দিনগুলোতে সরকারকে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখেই ফেলে দিলো বলে মনে করা হচ্ছে।

ফেব্রুয়ারিতে ইরাক-মার্কিন বাহিনীর যৌথ জঙ্গি দমনাভিযান শুরু হওয়ার পর বাগদাদে এটিই সবচে মারাত্মক সিরিজ বোমা হামলার ঘটনা। পুলিশ জানিয়েছে, বাগদাদের সদরিয়ায় সম্ভবত একটি বাসে বোমা পাতা হয়েছিলো। বোমাটি ব্যস্ত একটি বাজারে বিস্ফোরিত হয়। রয়টার্স জানিয়েছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

সদরিয়ায় রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “সদর সিটিতে বোমা হামলার পর রাস্তায় অসংখ্য মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে, মিনিবাসে জীবন্ত দগ্ধ হয়েছে কেউ কেউ। বিস্ফোরণের পর তাদেরকে উদ্ধার করাও সম্ভব হয়নি।”

এ হামলার ঘটনাকে কেন্দ করে বাগদাদে দাঙ্গা ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষত জ্বলে উঠতে পারে সদরের মেহেদি আর্মির সদস্যরা। মার্কিন-ইরাকি বাহিনীর যৌথ অভিযানে ইরাকে দাঙ্গা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ঠেকানো যাচ্ছে না গাড়ীবোমা হামলার ঘটনা। মার্কিন বাহিনী নিজেও একথা স্বীকার করেছে।