সহিংসতায় আসক্তি ছিল চো’র
মুখচোরা মানুষ চো সেউং-হুই। একইসঙ্গে ‘খুনে মেজাজী’ও। দক্ষিণ কোরিয়ার ২৩ বছর বয়সী এই শিক্ষার্থী বিশ্বের নৃশংসতম হত্যাকাণ্ডের একটি ঘটিয়েছে ভার্জিনিয়ার টেক বিশ্ববিদ্যালয়ে। তার খোঁজখবর নিতে গিয়েই মিলেছে চাঞ্চল্যকর এসব তথ্য। এমনিতে অসামাজিক, কারো সঙ্গে মেলামেশার ধাত ছিল না তার। কিন্তু কিছু লেখনীতে আঁচ মিলেছে ভয়াবহ এক নিষ্ঠুরতা মননে বয়ে বেড়াত চো।
৩২ জনকে গুলি করে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছে চো। ঠাণ্ডা মাথায় ঘুরে ঘুরে সে শিকার খুঁজে বেড়িয়েছে। গুলি করার আগে দরজা আটকে দিয়েছে শিকল তুলে, যাতে কেউ পালাতে না পারে।
শিকাগো ট্রিবিউন পত্রিকা তার এক প্রতিবেশীর সাক্ষাতকার নিয়েছে। জানতে পেরেছে, এমনিতে একাকী যাপন করত চো। মঙ্গলবার ট্রিবিউন জানিয়েছে, চো একটি চিরকুট রেখে গেছে যাতে রয়েছে ‘ধনীর দুলাল’, ‘উচ্ছৃংখল’ ও ‘ছদ্মবেশী প্রতারক’দের বিরুদ্ধে তীব্র বিষোদগার।
আর তার সাবেক এক সহপাঠী আমেরিকান অনলাইন (এওএল) ব্লগে লিখেছেন, চো ছিল নৃশংসতায় ভীষণরকম আবিষ্ট একজন মানুষ। এওএলের সংবাদ বিভাগে কাজ করা ইয়ান ম্যাকফারলেন বিশ্ববিদ্যালয়ে এক লেখনী ক্লাসে চো’র সহপাঠী ছিলেন। ভার্জিনিয়া টেকের খুনী বন্দুকবাজের পরিচয় জানার পর খুব একটা অবাক হননি বলে এক ব্লগে লিখেছেন তিনি, “আসলে এ ধরনের একটা হত্যাযজ্ঞ ঘটানোর জন্য যা যা চারিত্রিক বৈশিষ্ট্য লাগে, সবই ওর মধ্যে ছিল-নিঃসঙ্গ, খুনজখমে আসক্তি, আর ব্যক্তিগত জীবনে মারাত্মকরকম সমস্যাগ্রস্ত।
এওএল মুখপাত্র অ্যান্ড্রু উইনস্টেইন ম্যাকফারলেনকে চো’র সহপাঠী বলে সনাক্ত করেছেন। ইংরেজি সাহিত্যের ছাত্র চো’র লেখা দুটো নাটিকার লিংকও দেওয়া আছে ওই ব্লগে। প্রাতিষ্ঠানিকতাবিরোধী এসব নাটকে কর্তৃপক্ষকে খলচরিত্রে রাখা হয়েছে। নাটকের চরিত্ররা শিশুদের প্রতি যৌন আকর্ষণের আলাপ করে এবং পরস্পরকে বৈদ্যুতিক করাত দিয়ে আক্রমণ করে।
ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক লুসিন্ডা রয় জানিয়েছেন, সৃজনশীল লেখার ধরন দেখে চো’র মানসিক অবস্থা নিয়ে তিনি ভীষণরকম উদ্বেগে ছিলেন। বলেছেন, “ইংরেজি ক্লাসে আমরা অনেকেই ওকে নিয়ে চিন্তায় ছিলাম।”
চো’র কিছু আপত্তিকর পরিচ্ছেদ পড়ে সৃজনশীল লেখা বিভাগের এক অধ্যাপক একবার তার কাছে অভিযোগ নিয়ে এসেছিলেন। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের রয় তা জানালেও কোনো ফায়দা হয়নি। কিছুই করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিলেন তারা। পরে পুরো একটি সেমিস্টার রয় একা চো’র আলাদা ক্লাস নিয়েছিলেন। সময়টায় চো নিজের সম্পর্কে কিছুই বলেনি। রয় তাকে মনোবিদের সাহায্য নিতে বলেছিলেন। চো তা করেছিল।
পুলিশ জানিয়েছে, চো বেশ ঠাণ্ডা মাথায় হত্যাযজ্ঞ চালিয়ে গেছে। লোকজন যাতে পালাতে না পারে সেজন্য দরজা শিকল তুলে আটকে দিয়েছে। নিঃশব্দ পায়ে কক্ষান্তরে গেছে অস্ত্র হাতে। চো’র ব্যাকপ্যাকে একটি গ্লক নাইনএমএম পিস্তলের রশিদ পাওয়া গেছে। অস্ত্রটা সে কিনেছিল গত মার্চে। এছাড়া পয়েন্ট টু টু ক্যালিবারের একটি পিস্তল ছিল তার কাছে।
দক্ষিণ কোরিয়ার নাগরিক হলেও চো যুক্তরাষ্ট্রে ছিল ১৪ বছর ধরে। ১৯৯২ সালের সেপ্টেম্বরে বাবা-মার সঙ্গে সেদেশে আসে সে। ভোটাধিকার কিংবা মার্কিন পাসপোর্ট না থাকলেও সেদেশে অনির্দিষ্টকাল থাকা ও কাজ করার সনদ ‘গ্রিন কার্ড’ ছিল তার।
খুনীর পরিচয় পাওয়ার পর ভার্জিনিয়ার সেন্টারভিলে তার ঘর তল্লাশি করেছে পুলিশ। সেখানে চো’র পরিবারের কাউকে পাওয়া যায়নি। আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলার জন্য টেলিফোনেও পাওয়া যায়নি কাউকে।
