সদর অনুসারীদের প্রস্থান ইরাকে সংহতি তরান্বিত করবে: গেটস
মালিকি মন্ত্রীসভা থেকে উগ্রপন্থী শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল সদর অনুসারীদের প্রস্থান ইরাকে সংহতি গড়ে তোলার প্রক্রিয়ায় গতি সঞ্চার করবে বলেই মনে করছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। মঙ্গলবার গেটস এই সম্ভাবনার কথা বলেন।
সদর সোমবার তার অনুসারী রাজনৈতিক দলকে কোয়ালিশন সরকার থেকে বেরিয়ে আসার নির্দেশ দেন। ইরাকের পার্লামেন্টে সদরপন্থী ৩২ সদস্যের প্রধান নাসর আল রুবাই বাগদাদে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে তারা মন্ত্রীসভা ছেড়ে বেরিয়ে আসেন। মালিকি সরকারের জন্য এটি আঘাত হিসাবে বিবেচিত হলেও রবার্ট গেটসের দৃষ্টিতে এই পরিবর্তন ইতিবাচক।
জর্ডানের রাজধানী আম্মান সফরকালে সাংবাদিকদের গেটস বলেন, “ঘটনাটি নেতিবাচক মনে হলেও তা ইতিবাচক দিকে মোড় নিতে পারে। এ ঘটনার মধ্য দিয়ে ইরাকে সংহতি গড়ার প্রচেষ্টায় অগ্রগতির সুযোগ সৃষ্টি হতে পারে।”
সদরের দল ‘মাহদি আর্মি’কে ইরাকে শান্তি স্থাপনের পথে বড় ধরনের হুমকি বলেই মনে করে ওয়াশিংটন। সেকারণে তারা বরাবরই ইরাকের নেতাদেরকে অবিলম্বে সংখ্যাগরিষ্ঠ শিয়া ও সংখ্যালঘু সুন্নি সম্প্রদায়ের মধ্যে সংহতি গড়ে তোলার জন্য তাগাদা দিয়ে আসছে।
সম্প্রতি এ প্রচেষ্টায় বাগদাদে কঠোর জঙ্গি দমনাভিযানে নেমেছে মার্কিন-ইরাকি যৌথ বাহিনী। ইরাককে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে বাঁচাতে এ অভিযানকেই শেষ সুযোগ হিসাবে দেখা হচ্ছে।
এর মধ্যে ইরাক সরকার থেকে সদর মন্ত্রীদের প্রস্থানের ঘটনায় মধ্যপ্রাচ্য সফররত গেটস বলেন, “মালিকি শূণ্য আসনগুলোয় এমন লোককে নিয়োগ দিতে পারেন যারা ইরাকের সাম্প্রদায়িক দলগুলোর মধ্যে সম্পর্কন্নোয়নে অবদান রাখতে পারবে।”
তবে তিনি বলেন, “এটি নর্ভর করবে সদর মন্ত্রীদের জায়গায় কাদেরকে মন্ত্রী হিসাবে বেছে নেয়া হচ্ছে, তাদের দক্ষতা কিরকম এবং মন্ত্রী হিসাবে নিয়োগ পাওয়ার পর তারা তাদের ক্ষমতা সংহতি প্রক্রিয়া এগিয়ে নেয়ার ক্ষেত্রে কতটা কাজে লাগাতে পারছেন তার ওপর।”
শিয়া পরিচালিত সরকারে গেটস আরো সুন্নিকে অন্তর্ভূক্ত করার কথা বলছেন কিনা জিজ্ঞেস করা হলে তিনি এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি। গেটস শুধু বলেন, “যা কিছুই করা হোক তা যেন সংহতি স্থাপনের দিকে লক্ষ্য রেখেই করা হয়।”
এদিকে, ইরাকি কর্মকর্তারা বলছেন, শূণ্য অসনগুলোতে অ-সাম্প্রদায়িক মনোভাবের লোকজনদেরই নিয়োগ দেয়া হবে।
