আন্তর্জাতিক চাপ থাকলে পরমাণু কর্মসূচি নিয়ে ইরান আরও এগিয়ে যাবে: আহমাদিনেজাদ
পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চাপ অব্যাহত থাকলে ইরান এ কর্মসূচি নিয়ে আরও এগিয়ে যাবে। দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সোমবার একথা বলেন বলে বার্তাসংস্থা ইরনা জানিয়েছে।
ইরনা জানায়, মধ্যবর্তী প্রদেশ ফারসের সিরাজ শহরে এক জনসভায় আহমাদিনেজাদ একথা বলেন। তিনি বলেন, “জাতিসংঘ যদি ইরানের বিরুদ্ধে আরেকটি অবরোধের প্রস্তাব অনুমোদন করে তবে আমরা নিজেদের পরমাণু কর্মসূচি আরও এগিয়ে নিয়ে যাব।
পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের নির্দেশ উপেক্ষা করে ইরান গত সপ্তাহে জানিয়েছে, তারা বাণিজ্যিকভিত্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা অর্জন করেছে। পশ্চিমাদের আশঙ্কা, এ কর্মসূচি থেকে তারা পরমাণু বোমা তৈরির দিকে এগুতে পারে। তবে তেহরান তা অস্বীকার করে বলেছে, বিদ্যুৎ উৎপাদনই তাদের লক্ষ্য।
ওই ঘোষণার পর জাতিসংঘ দেশটির বিরুদ্ধে আরও অবরোধ আরোপের চিন্তাভাবনা শুরু করে।
এ নিয়ে মার্কিন হুঁশিয়ারির জবাবে প্রথমবার নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আহমাদিনেজাদ আবারও বলেন, ইরান পরমাণু প্রযুক্তির অধিকার থেকে পিছু হটবে না।
তিনি বলেন, “ইরানি জনগণ নিজেদের বৈধ অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ এবং পরমাণু কর্মসূচি পরিচালনার অধিকার রক্ষায় এক কদমও পিছু হটবে না।”
আহমাদিনেজাদের ভাষণের সময় উপস্থিত ইরানিরা মার্কিনবিরোধী স্লোগান দেয়।
তিনি পশ্চিমা বিশ্বকে ‘অযথা বিরক্ত’ করার কৌশল বাদ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ইরান আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করবে না।
“আগ্রাসী মনোভাব ছাড়ুন। তা না হলে আপনারা এবং আপনাদের জাতি ক্ষতিগ্রস্ত হবে।”
চাপ অব্যাহত থাকলে ইরান পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তি থেকে নিজেদের প্রত্যাহারেরও হুমকি দিয়েছে।
রোববার দেশটি জানায়, তারা দুটি পরমাণু জ্বালানি উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য শিগগিরই দরপত্র আহ্বান করবে। এ দুটি নির্মিত হবে রাশিয়ার সহায়তায় নির্মিতব্য দেশটির প্রথম পরমাণু স্থাপনা বুশেহরের পাশেই।
