দারফুরে সেনা মোতায়েন নিয়ে জাতিসংঘ, এইউ ও সুদানের চুক্তি
দারফুরে আফ্রিকা ও জাতিসংঘের সেনা মোতায়েন নিয়ে আফ্রিকান ইউনিয়ন (এইউ) ও জাতিসংঘের সঙ্গে একটি চুক্তি করেছে সুদান। সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) রোববার এ খবর জানিয়েছে।
এসপিএ জানায়, সৌদি আরবের বাদশা আবদুল্লাহ সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশারের কাছ থেকে একটি টেলিফোন পেয়েছেন যাতে সুদানের প্রেসিডেন্ট সৌদি বাদশাকে জানিয়েছেন, এইউ ও জাতিসংঘের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সুদান সরকার। ওই চুক্তিতে দারফুর অঞ্চলে আফ্রিকা ও জাতিসংঘের সেনাদের ভূমিকা ও দায়িত্ব কী হবে তা নির্ধারণ করা হয়েছে।
চুক্তিটি সম্পর্কে আর কোনো কিছু জানায়নি এসপিএ। তবে তারা জানিয়েছে, মার্চের শেষ দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আরব সম্মেলনের সময় চুক্তিটি নিয়ে আলাপ-আলোচনা হয়েছিল।
দারফুরে এইউ সেনাদের সঙ্গে জাতিসংঘের তিন হাজার সেনা মোতায়েন এবং তাদের প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র সরবরাহ সংক্রান্ত কথিত ব্যাপক সমর্থিত একটি প্যাকেজ নিয়ে সুদানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছিল জাতিসংঘ। কিন্তু জাতিসংঘ সেনাদের জন্য সেখানে ছয়টি টহল হেলিকপ্টার মোতয়েনের বিরোধিতা করে আসছিল খার্তুম।
সুদানের পররাষ্ট্রমন্ত্রী লাম আকোল রোববার সকালে বলেন, দারফুরের স্থিতিশীলতার জন্য যতো বেশি সংখ্যক এইউ সেনার প্রয়োজন পড়বে ততোই নেবে খার্তুম। তবে সমস্যাকীর্ণ অঞ্চটিতে জাতিসংঘ সেনা মোতায়ের বিষয়ে আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করবে না তারা।
দারফুরে বিশ্বের সবচেয়ে বড় মানবিক প্রচেষ্টার সমর্থনে সেখানে জাতিসংঘের হাজার হাজার শান্তিরক্ষী মোতায়েনে সম্মত হওয়ার জন্য সুদান সরকারের কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী জন নেগ্রোপন্টে।
২০০৩ সালে সংঘর্ষ শুরু হওয়ার পর দারফুরে প্রায় দুই লাখ লোকের প্রাণহানি এবং সেখানকার ২৫ লাখ লোক গৃহহীন হয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। বিদ্রোহীরা তখন সুদান সরকারের বিরুদ্ধে এই অভিযোগে হাতে অস্ত্র তুলে নেয় যে তাদের এলাকাটিকে অবহেলা করেছে খার্তুম।
