২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি সম্মেলনে যুক্তরাষ্ট্রকে শ্যাভেজের চ্যালেঞ্জ

ভেনেজুয়েলায় সোমবারের জ্বালানি সম্মেলনে যুক্তরাষ্ট্র-বিরোধী অবস্থান আরও শক্তিশালী করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। আয়োজিত ১২ জাতির এই সম্মেলনে শ্যাভেজ তেল সম্পদকে কাজে লাগিয়ে তার যুক্তরাষ্ট্র-বিরোধী রাজনীতির পক্ষে আঞ্চলিক সমর্থন আরো সুসংহত করার চেষ্টা নেবেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Apr 2007, 12:28 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

ল্যাটিন আমেরিকায় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ভেনেজুয়েলা ইতমধ্যেই প্রতিবেশী দেশগুলোর ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারে সক্ষম হয়েছে। এই প্রভাবকে কাজে লাগিয়ে শাভেজ এবার চান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শক্তি হিসাবে আঞ্চলিক ঐক্য গড়তে। সম্মেলন শুরুর আগে তার বক্তব্যে সে আভাসই স্পষ্ট হয়েছে। শ্যাভেজ বলেছেন, ‘‘ধীরে ধীরে যুক্তরাষ্ট্র সাম্রাজ্যের পতন ঘটে তা কাগুজে বাঘে পরিণত হবে। আর আমরা ল্যাটিন আমেরিকার জনগণ সত্যিকারের শক্তিশালী বাঘ হয়ে উঠব।’’

সম্মেলনে যোগ দিতে আসা রাষ্ট্রপ্রধানদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষও সম্মেলন উপলক্ষ্যে কর্মতৎপর রয়েছে। দু’দিনের এ সম্মেলনে শ্যাভেজ ওপেকভুক্ত দেশগুলোর বিশেষত, ব্রাজিল এবং আর্জেন্টিনার গ্যাস রিজার্ভের সঙ্গে সংযোগ স্থাপনকারী ৫ হাজার মাইল দীর্ঘ প্রকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্প চালু করবেন।

একইসঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভার সঙ্গে একতাবদ্ধ হওয়ার চেষ্টা নেবেন শ্যাভেজ। ব্রাজিল সম্প্রতি এথানল জ্বালানি তৈরি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে। বিষয়টি নিয়ে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বিরোধ দেখা দিয়েছে। তবে সম্মেলনে ব্রাজিলের বিতর্কিত এথানল প্রকল্পে জড়িত থাকার বিষয়টি শ্যাভেজ এড়িয়ে যাবেন বলেই মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে ৫ম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ভেনেজুয়েলা ল্যাটিন আমেরিকার দেশগুলোকে ‘এথানল’ বাদ দিয়ে এর পরিবর্তে নিজেদের তেলের মজুদের ওপর নির্ভর করারই আহ্বান জানিয়েছেন। আর এভাবেই তিনি জ্বালানির ওপর থেকে নির্ভরশীলতা কমানোর উপায় খুঁজে বের করতে প্রতিবেশী দেশগুলোকে সহযোগিতা করার আহ্বান জানান।