২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ৪০, উত্তেজনা চরমে

নাইজেরিয়ার রাজ্য গভর্নর ও রাজ্য সংসদ নির্বাচনের একদিন পর রোববার বিভিন্ন এলাকার চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সংবাদপত্রগুলো জানিয়েছে, ভয়-ভীতি প্রদর্শন ও নির্বাচনী সহিংসতায় প্রাণহানি হয়েছে কমপক্ষে ৪০ জনের।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Apr 2007, 07:20 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নির্বাচনের সমস্যাগুলোর মধ্যে রয়েছে ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিলম্বে পৌঁছানো বা একেবারেই না পৌঁছানো, ফলাফলের জাল শিট, ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন, অস্ত্রের মুখে ব্যালট বাক্স ছিনতাই, ভোটার রেজিস্ট্রেশনের নিয়ে সন্দেহ বং অপ্রাপ্ত বয়স্ক ভোটার উপস্থিতি।

নাইজেরিয়ার ক্ষমতাসীন পিপল’স ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সদস্য ও সিনেট প্রেসিডেন্ট কেন এননামানি বলেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নাইজেরিয়ায় অবস্থিত তার গ্রামের বাড়ি এনুগুতে প্রায় কোনো ভোটাভুটিই হয়নি। কারণ, ব্যালট বাক্স হয় মোটেই আসেনি নতুবা এসেছে অনেক দেরীতে।

রয়টার্সকে তিনি বলেন, “নির্বাচনটি ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। এখন ফল ঘোষণা করা হলে তা করা হবে জালিয়াতির উপর ভিত্তি করে। আগামী সরকারের বৈধতা নিয়ে আমি উদ্বিগ্ন।”

এদিকে ‘দ্য ইনডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেকটোরাল কমিশন’ (আইএনইসি) জানিয়েছে, শনিবারের নির্বাচন নিয়ে তারা স্বাভাবিকভাবেই সন্তুষ্ট। আইএনইসি মুখপাত্র ফিলিপ উমেদি জানান, প্রাথমিক ফল রোববার রাতে ঘোষণা করার কথা।

নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে বর্তমানে ২৮টি রাজ্যের নিয়ন্ত্রণ রয়েছে পিডিপির। আর রাজ্য নির্বাচনগুলো বিবেচিত হচ্ছে আগামী শনিবার অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে যাওয়ার জন্য পিডিপির শক্তি পরীক্ষা হিসাবে।

আটটি রাজ্যে পিডিপির প্রভাব কম এবং ফলাফল ঘোষিত হওয়ার পর সেসব রাজ্যে আরও সহিংসতা হওয়ার আশঙ্কা করছেন কূটনীতিবিদরা।

ব্যালট বাক্স না পৌঁছানোর প্রতিবাদে দক্ষিণাঞ্চলীয় আনামব্রা ও ডেল্টা রাজ্যের তিনটি আইএনইসি অফিসে ভাংচুর হয়েছে। আর পূর্বাঞ্চলীয় ইবোনি রাজ্যে দিগম্বর ও অপহরণ করা হয়েছে এক নির্বাচনী কর্মকর্তাকে।

দক্ষিণাঞ্চলীয় তেল উৎপাদনকারী রাজ্য ডেল্টার ইদুবিনি গোত্রের প্রথাগত শাসক আলাওয়ি আফ্রো বলেন, নির্বাচনী সামগ্রীর অনুপস্থিতর কারণে তার এলাকায় কোনো নির্বাচন হয়নি।

তিনি বলেন, “কেউ ভোট না দেওয়ায় একটা ফলাফল ঘোষণা হলেই এখানে অনেক সমস্যা হবে। একটা জটিলতা হবেই। আর তা এড়ানোর একমাত্র উপায় নির্বাচন বাতিল করে আবারও নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া।”

প্রায় তিন দশকের ধারাবাহিক সেনা শাসনের পর ১৯৯৯ সালে গণতন্ত্র ফিরে আসে আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ায়। আর ধারণা করা হচ্ছে, ১৯৬০ সালের পর এবারের নির্বাচনের মাধ্যমেই হয়তো নাইজেরিয়ায় প্রথমবারের মতো একজন নির্বাচিত প্রেসিডেন্ট অপর একজন নির্বাচিত প্রেসিডেন্টের হাতে মক্ষমতা হস্তান্তরে সক্ষম হবেন।

সিনেট প্রেসিডেন্ট কেন এননামানি বলেন, “জনগণ নির্বাচনী কর্মকর্তাদের উপর জোর করলে তা সামরিক শাসন থেকে কোনো অংশেই উত্তম নয়। আমাদের গণতন্ত্রের অবক্ষয় ভয়াবহ।”

বিশ্লেষকরা বলছেন, বিপুল ফান্ড এবং ক্ষমতাসীন থাকায় স্বাভাবিকভাবেই জয়ের কাছাকাছি রয়েছে পিডিপি।

তবে ব্যাপক দুর্নীতি, নিত্য প্রয়োজনীয় সেবা প্রদানের ব্যর্থতা এবং ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে অনেক রাজ্যেই বিরোধীরা জয়লাভ করতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

পিডিপির একজন শীর্ষ নেতা বলেছেন, ২১টি রাজ্য ধরে রাখতে পারলে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করবে বলে আশাবাদী তার দল।