মধ্যপ্রাচ্য নতুন মানবিক সঙ্কটের দ্বারপ্রান্তে: অ্যামনেস্টি
মধ্যপ্রাচ্য নতুন মানবিক সঙ্কটের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে বলে রোববার সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সতর্কবাণীতে লন্ডনভিত্তিক এই মানবাধিকার সংস্থা বলেছে, পশ্চিমা শক্তিধর দেশগুলো অবিলম্বে ইরাকে সহিংসতায় বাস্তুচ্যুত ৪০ লাখ ইরাকির পাশে না দাঁড়ালে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তাই অনাকাঙ্খিত মানবিক সঙ্কট সামাল দিতে অ্যামনেস্টি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
সহিংসতায় দেশ ছেড়ে পালানো ইরাকিদের যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করে যাচ্ছে জর্ডান ও সিরিয়া। তাদের এই প্রচেষ্টায় পশ্চিমাদেরও শামিল হওয়ার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।
ইরাকে চলমান আত্মঘাতী হামলা এবং সাম্প্রদায়িক দাঙ্গায় দেশেই বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখ ৯০ হাজার ইরাকি। জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচসিআর-এর হিসাব মতে, ক্রমবর্ধমান সহিংসতা, বেকারত্ব, অনিশ্চিত ভবিষ্যতের কারণে প্রতি মাসেই ইরাক ছেড়ে পালাচ্ছে ৪০ হাজার থেকে ৫০ হাজার ইরাকি।
ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র অবিলম্বে এ অবস্থা সামাল দেয়ার ব্যবস্থা না নিলে মধ্যপ্রাচ্যে নতুন মানবিক সঙ্কট সৃষ্টি হবে বলেই সাবধান করে দিয়েছে অ্যামনেস্টি। জেনেভোয় দু’দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরুর প্রাক্কালে অ্যামনেস্টি এই সতর্কবাণী দেয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা বিষয়ক প্রধান ম্যালকোম স্মার্ট বলেছেন, ‘‘সিরিয়া এবং জর্ডান এ পর্যন্ত ইরাকি শরণার্থীদের বোঝা সামাল দেয়ার চেষ্টা করছে। কিন্তু তারও তো একটা সীমা আছে। এখন অন্যান্য দেশের সরকারেরও উচিত এদিকে দৃষ্টি দেয়া এবং শরণার্থীদের জন্য সরাসরি খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে এগিয়ে আসা।’’ বিষয়টি নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি।
জাতিসংঘ ইরাকের শরণার্থী সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, ১৯৪৮ সালে ফিলিস্তিনি শরণার্থী সমস্যার পর ইরাকের শরণার্থী সমস্যাই বর্তমানে বড় ধরনের সমস্যা। জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচসিআর’ এর হাই কমিশনার জেনেভায় এক বিবৃতিতে শরণার্থী সমস্যা সামাল দিতে বিশ্বের দাতা দেশগুলোর কাছ থেকে আরো বেশি সাহায্যের আবেদন জানিয়েছেন।
