বান্ধবীর সঙ্গে প্রিন্স উইলিয়ামের ছাড়াছাড়ি
দীর্ঘদিনের বান্ধবী কেট মিডেলটোনের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে ব্রিটেনের প্রিন্স উইলিয়ামের। অথচ কিছুদিন আগেও দুজনের একান্ত কিছু মুহূর্ত এমনকী রোমান্সের দৃশ্যও মিডিয়ায় দেখা গেছে।
দুজন থাকতেন একই বাড়ীতে। রোমান্সের সূত্রপাত সেখান থেকেই। প্রয়াত প্রিন্সেন্স ডায়ানার বড় ছেলে উইলিয়ামের অগ্রযাত্রা এবং পড়াশোনা শেষ করার পেছনে কেটই ছিলেন অনুপ্রেরণা-এমনটিই এ যাবৎ শোনা গেছে। এমন একটি জুটির আচমকা ছাড়াছাড়ি হয়ে যাওয়ার অবাক করা এ খবরটি শনিবার জানিয়েছে ব্রিটিশ পত্রিকা ‘দ্য সান’। আর সানের এ খবরের সত্যতাও স্বীকার করেছেন উইলিয়াম নিজে। তবে উইলিয়ামের সরকারি মুখপাত্র এ ব্যাপারে কোনো কিছু জানাতে রাজি হননি। তিনি শুধু বলেন, আমরা তার (উইলিয়ামের) ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলি না।
প্রিন্স-কেট জুটির এক ঘনিষ্ঠ বন্ধু সান পত্রিকাকে বলেছেন, কেটের অভিযোগ, উইলিয়াম তাকে যথেষ্ট সময় দিচ্ছেন না। তার সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে কেট হতাশ। এদিকে, সান জানায়, স্কটল্যান্ডে ‘সেন্ট এন্ড্রুজ’ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সময়ই উইলিয়াম এবং কেট দুজন মিলে সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন।
উইলিয়াম ও কেট দুজনের বয়সই কাছাকাছি। উইলিয়ামের বয়স ২৪ এবং কেটের বয়স ২৫। সুইজারল্যান্ডে গত মাসেও এক ছুটির দিনে অবকাশ যাপনকালে দুজনকে আলিঙ্গনাবদ্ধ দেখা গেছে।
উইলিয়াম সম্প্রতি সেনা কর্মকর্তা পদে দয়িত্বরত। তার ছোট ভাই হ্যারিও সেনাবাহিনীতে। সান জানায়, গত ডিসেম্বরে উইলিয়ামের গ্যাজুয়েশন শেষের সময় থেকেই কেটের সঙ্গে তার সম্পর্কে টানাপোড়েন চলছিল।
