২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক পুনর্গঠনে সহায়তা করবে জাপান

ইরাক পুনর্গঠনে সহায়তা করার অঙ্গীকার করেছে জাপান। টোকিও সফররত ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির কাছে সোমবার এই অঙ্গীকার করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Apr 2007, 04:54 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

আবে বলেন, ‘‘ইরাক পুনর্গঠনে সরকারি পর্যায়ে উন্নয়ন সহায়তা এবং প্রতিরক্ষা বাহিনীর কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সাহায্য করে যাওয়ার জাপানি নীতির কোনো পরিবর্তন হয়নি। আমরা দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়তে চাই।’’ (আরও তথ্যসহ)

ইরাক পুনর্গঠনে টোকিওর সমর্থন আদায়ের লক্ষ্যেই জাপান সফরে এসছেন নুরী আল-মালিকি। রোববার রাতে তিনি জাপানে যান। আবের কাছ থেকে ইরাকে পুনর্গঠন সহায়তার আশ্বাস পেয়ে মালিকি তাকে ধন্যবাদ জানান।   ইরাকের একটি মানবিক সাহায্য ও পুনর্গঠন মিশনে ছয় হাজার স্থল সেনা এবং অর্থনৈতিক সাহায্য প্রদান ও ঋণ মওকুফের মাধ্যমে জাপান পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরাক যুদ্ধ এবং দেশটির পুনর্গঠন কাজের অন্যতম সমর্থকে।

টোকিও এ পর্যন্ত ইরাকে মানবিক ত্রাণ ও পুনর্গঠন কাজের জন্য ৬০০ স্থল সেনা পাঠানো ছাড়াও অর্থসাহায্য দিয়েছে এবং ঋণের বোঝা লাঘবে সাহায্য করেছে। পাশাপাশি জাপান ইতোমধ্যে ইরাককে দেড়শ কোটি মার্কিন ডলারের বেশি অনুদান এবং প্রায় সাড়ে তিনশ কোটি মার্কিন ডলার সমমূল্যের ইয়েন ঋণ দেওয়ার অঙ্গীকার করেছে। এর মধ্যে ১৬০ কোটি মার্কিন ডলার টোকিও বরাদ্দ করেছে আটটি প্রকল্পের জন্য। 

মার্কিন আগ্রাসনের পর গত চার বছরে সহিংসতায় জর্জরিত ইরাক সম্প্রতি বিধ্বস্ত অর্থনীতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। সোমবার আবের সঙ্গে সাক্ষাতের আগেই মালিকি প্রতিরক্ষামন্ত্রী ফুমিও কাইয়ুমাকে বলেন, ‘‘ইরাক চায় জাপানের ফার্মগুলো শিগগিরি আবার ইরাকে কাজ শুরু করুক।’’

জবাবে কাইয়ুমা বলেন, ‘‘তারাও চান ইরাকের নিরাপত্তা পরিস্থিতি অবিলম্বে স্থিতিশীল হোক যাতে জাপান সরকার সেখানে ব্যবসা শুরু করতে পারে।’’

  বার্তাসংস্থা কিয়োডো জানায়, মালিকির সফরকালে জাপানের সর্বমোট ঋণ সাহায্যর অংশ হিসেবে ১০ হাজার ২৮০ কোটি ইয়েন (৮৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার) বাড়ানোর একটি চুক্তি স্বাক্ষর হতে পারে।

কিয়োডো আরো জানায়, পানি, পয়োঃনিষ্কাশন, জ্বালানি সরবরাহ এবং অন্যান্য স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার অর্থায়নে সাহায্য করতে সার্বিক অঙ্গীকারের অংশ হিসেবে ইরাককে আরও পাঁচ হাজার ৭৭০ কোটি ইয়েন দিতেও প্রস্তুত টোকিও।

জাপান গত বছর ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নেয়। যদিও জাপানের বিমান বাহিনীর প্রায় ২০০ সদস্য এখনও কুয়েতে রয়েছে এবং তারা সেখান থেকে ইরাকে মার্কিন সেনাবাহিনীকে বিমানে করে যাতায়াতে সহযোগিতা করছে।

এদিকে, জাপান বিমান বাহিনীর বৈদেশিক মিশনের বৈধতা দেওয়া সংক্রান্ত একটি আইনের মেয়াদ আগামী জুনে শেষ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মিশন যাতে আরও দুই বছর চলতে পারে সেজন্য জাপানের মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছে ওই আইনটি সংস্কারের।

আশা করা হচ্ছে, মেয়াদ বাড়ানো সংক্রান্ত আইনটি জাপানের পার্লামেন্টে অনুমোদিত হবে।