‘পরমাণু চুক্তির জন্য প্রস্তুত উত্তর কোরিয়া’
নিউ মেক্সিকোর গভর্নর বিল রিচার্ডসন বলেছেন, তিনি মনে করেন পিয়ংইয়ং তার পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে প্রস্তুত। উত্তর কোরিয়া সফররত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রিচার্ডসন। এনবিসি নাইটলি নিউজ রোববার এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, রাশিয়া ও চীনের সঙ্গে উত্তর কোরিয়ার অনুষ্ঠিত ছয়-জাতি আলোচনায় সম্পাদিত একটি চুক্তির আওতায় পিয়ংইয়ংকে ১৪ এপ্রিল থেকেই তাদের পরমাণু কর্মসূচি বিলুপ্তি শুরু করা কথা। আর ১৪ এপ্রিলের সে ডেডলাইনের আগে উত্তর কোরিয়া পৌঁছেছে রিচার্ডসনের প্রতিনিধি দল।
এনবিসিকে রিচার্ডসন বলেন, “প্রথমবারের মতো আমার মনে হচ্ছে তারা ছয়-জাতির একটি চুক্তি বাস্তবায়ন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভাল সম্পর্ক গড়তে চায়।”
তিনি বলেন, “তারা জানে যে প্রধান বিষয় তাদের পরমাণু অস্ত্রের বিলুপ্তিকরণ।”
কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ ফিরিয়ে আনা সংক্রান্ত এক মিশনে উত্তর কোরিয়া সফর করছেন রিচার্ডসনের প্রতিনিধি দলটি। যদিও অনেকে মনে করছেন, পরমাণু ইস্যু নিয়ে কমিউনিস্ট রাষ্ট্রটির চিন্তাভাবনা সম্পর্কে জানতেই তাদের এ সফর।
এনবিসি জানায়, বুশ প্রশাসনের শীর্ষ কোরিয়া বিশেষজ্ঞ জাতীয় নিরাপত্তা পরিষদের ভিক্টর চা রয়েছেন এ প্রতিনিধি দলে। তিনি প্রতিনিধি দলে থাকায় মনে করা হচ্ছে, উত্তর কোরিয়া সাড়া দিলে তার জবাব দেওয়ার আগ্রহ রয়েছে হোয়াইট হাউজেরও।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী রিচার্ডসন এর আগে ১৯৯০ এর দশকে এবং ২০০৫ সালে উত্তর কোরিয়া সফর করেন।
পিয়ংইয়ং যাওয়ার পথে এনবিসিকে তিনি বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলাপ-আলোচনা সহজ নয়।
তিনি বলেন, “উত্তর কোরীয়দের থেকে আমি শিখেছি, পরবর্তীতে তারা কী করতে যাচ্ছে তা জানেন না আপনারা। তারা পুরোপুরি ধারণাতীত।”
এ বিষয়ে রিচার্ডসন আরও বলেন, “তারা নিঃসঙ্গ। অন্য কোনো দেশের মতো আলোচনা তারা করে না।”
এনবিসি জানায়, উত্তর কোরিয়া রিচার্ডসনকে একাই আমন্ত্রণ জানালেও হোয়াইট হাউজ তার সঙ্গে সফর দলকে যোগ করে দিয়েছে এটি নিশ্চিত করতে যে, যুক্তরাষ্ট্রের সরকারি নীতির সঙ্গে ভিন্নমত পোষণ করেন না তিনি।
