২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় আহত ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি। শনিবার পশ্চিমবঙ্গের বহরমপুরে জনসভা শেষে কলকাতায় ফেরার পথে তার গাড়িকে একটি ট্রাক ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। রোববার তাকে নিয়ে একটি বিমান নয়াদিল্লি রওনা হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Apr 2007, 12:53 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

পুলিশ কর্মকর্তা সুব্রত মিত্র রয়টার্সকে জানিয়েছেন, প্রণব মুখার্জির মাথায় সামান্য আঘাত লেগেছে। দুর্ঘটনায় তার সঙ্গে গাড়িতে থাকা আরও তিন রাজনৈতিক নেতাও আহত হন। তাদের সবাইকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে।

সুব্রত মিত্র জানান, কলকাতা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে সড়কে চাকা পাংচার হয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পররাষ্ট্র মন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়।

আহত পররাষ্ট্রমন্ত্রীকে রোববার কলকাতায় নিয়ে আসা হয়। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মৃত্যুঞ্জয় কুমার সিং রয়টার্সকে বলেন, “তিনি এখন আশঙ্কামুক্ত। মাথায় কয়েকটি সেলাই লেগেছে। তাকে কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।”

কলকাতা হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ পরিমল ত্রিপাঠি বলেন, “পররাষ্ট্রমন্ত্রী অবস্থা বেশ ভালো। তার চেতনা পুরোপুরিই ছিল। আর রক্তচাপও ছিল স্বাভাবিক।”

স্থানীয় টেলিভিশন চ্যানেলের খবরে দেখা যায়, মাথায় ব্যান্ডেজ জড়ানো প্রণব মুখার্জি হাসপাতালের সামনে জড়ো হওয়া ভক্ত সমর্থকদের শুভেচ্ছা জানাচ্ছেন।

এর পরপরই প্রণব মুখার্জিকে নিয়ে নয়াদিল্লি রওনা হয় বিমানবাহিনীর একটি উড়োজাহাজ। শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হবে বলে জানা গেছে।

৭১ বছর বয়সী প্রবীণ কংগ্রেস নেতা প্রণব মুখার্জিকে ২০০৬ সালের অক্টোবরে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি কংগ্রেস নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রতিরক্ষামন্ত্রীর পদে ছিলেন।