২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘খামখেয়ালিপনা’ বন্ধ করুন, বুশের প্রতি সিন্ডি শিহান

মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের খামারবাড়ির উদ্দেশ্যে শুরু করা এক শোভাযাত্রায় ইরাক যুদ্ধের প্রতিবাদকারী সিন্ডি শিহান প্রেসিডেন্টকে ‘খামখেয়ালিপনা’ বন্ধের আহ্বান জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Apr 2007, 04:52 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

ইরাকে ২০০৪ সালে তার সন্তান নিহত হওয়ার পর থেকেই ওই যুদ্ধের বিরুদ্ধে সরব প্রতিবাদী শিহান যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় ডেমোক্রেটদের প্রতিও অসন্তোষ প্রকাশ করেন।

প্রেসিডেন্টের ইস্টারের ছুটি কাটানোর খবর সংগ্রহে গণমাধ্যমের ব্যাপক উপস্থিতির সুযোগ নিয়ে শিহান প্রায় ৩৬ জনের একটি যুদ্ধবিরোধী প্রতিবাদী দলের মিছিল নিয়ে খামারবাড়ির বাইরে অবস্থিত নিরাপত্তা চৌকিতে উপস্থিত হন। সেখানে উপস্থিত নিরাপত্তা কর্মীদের কাছে তিনি বুশের সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে ব্যর্থ হন। এরপর তারা সেখানে একটি বেদী তৈরি করে তার চুড়ায় মোমবাতি জ্বালিয়ে ইরাক যুদ্ধে নিহত তিন হাজার দুশরও বেশি সেনার কয়েকজনের নাম উচ্চস্বরে পড়ে শোনান।

তিনি বলেন, বুশের উদ্দেশ্যে তার বক্তব্য এটুকুই যে ইরাকে সংঘাতে আরও মানুষ নিহত হওয়ার আগেই তিনি যেনো তার উন্মাদনা বন্ধ করেন।

উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “বুশের গৃহীত নীতির কারণে ইরাক আর আমেরিকার হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, সেখানে অসংখ্য পরিবার ধ্বংস হয়েছে।”

ইরাক যুদ্ধে তার সন্তান ক্যাসে নিহত হওয়ার পর বুশ তার সঙ্গে দেখা করলেও এরপর আর কখনও তাদের দেখা হয়নি, যদিও বুশের ঘনিষ্ট মিত্ররা তার সঙ্গে দেখা করেছেন। ২০০৫ এর গ্রীষ্মে বুশের সঙ্গে দেখা করতে সিন্ডি শিহান ক্রফোর্ডে আসেন।

ইরাক ও আফগানিস্তানের যুদ্ধের খরচ মেটাতে ১০ হাজার কোটি ডলার বরাদ্দ চেয়ে প্রেসিডেন্টের অনুরোধের সঙ্গে ডেমোক্রেটরা সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেওয়ার একটি প্রস্তাব মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই অনুমোদিত হয়।

বুশ বলেছেন, অনুমোদনের জন্য এ প্রস্তাব তার কাছে এলেই তিনি তাতে ভেটো দেবেন। এই নিয়ে বুশ ও ডেমোক্রেটদের মধ্যে মতাদর্শিক লড়াই চলছে।

শিহান বলেছেন, সেনা প্রত্যাহারে দেরি করে ডেমোক্রেটরা যুদ্ধবিরোধী আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

“১৮ মাস, দুবছর অথবা অন্য যেকোনো সময়-যা তাদের উপযুক্ত মনে হয় সেটাই সঠিক সময় নয়, আমাদের মতে সেনা প্রত্যাহারের সঠিক সময় এখনই।”

তিনি আরও বলেন, “জনগণের মধ্যে বঞ্চণার বোধ তৈরি হয়েছে।”

তবে শিহানের পদযাত্রা সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি হোয়াইট হউিসের মুখপত্র গর্ডন জনড্রো।

জনড্রো বুশের উদ্দেশ্যে ডেমোক্রেটদের সমঝোতার আহ্বান প্রসঙ্গে বলেন, “প্রথমে নিজেদের মধ্যে আলোচনা করে নির্দিষ্ট করা উচিত তাদের অবস্থান আসলে কোনটি।”