আনন্দাশ্রু নিয়ে ঘরে ফিরল ব্রিটিশ নৌসেনারা
লন্ডন বিমানবন্দর থেকে বৃহস্পতিবার আনন্দাশ্রু নিয়ে ঘরে ফিরেছেন ইরান থেকে মুক্তিপ্রাপ্ত ১৫ ব্রিটিশ নৌসেনা। ইরানের হাতে আটক হওয়ার পর দুই সপ্তাহের অচলাবস্থার অবসান ঘটিয়ে তারা শেষ পর্যন্ত পরিবারের সদস্যদের মাঝে ফিরেছেন। ইরানের পরমাণু কর্মসূচি সঙ্কটের কূটনৈতিক সমাধানে এ ঘটনার কোনো প্রভাব পড়বে কিনা বিশ্বের দৃষ্টি এখন সেদিকেই।
ইরান বৃহস্পতিবার দাবি করে, ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এ ঘটনার জন্য ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন। তবে ব্লেয়ারের কার্যালয় থেকে এ খবরটি ‘বিশেষভাবে অস্বীকার’ করা হয়।
ব্লেয়ার বরং বলেন, এ সমস্যার কূটনীতিক সমাধানের জন্য দ্বিমুখী নীতি গ্রহণ এবং জোরালো আন্তর্জাতিক সমর্থনের কারণে ইরান এ সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনা ‘ফলপ্রসূ’ হতে পারে, ইরানের সঙ্গে এমন যোগাযোগের নতুন পথ খুলে দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তবে তিনি আবারও বলেন, “এরপরও ইরানের পরমাণু কর্মসূচি কিংবা দেশটির শাসকগোষ্ঠীর পক্ষ থেকে সন্ত্রাসবাদে মদদ দান নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় নিজস্ব অবস্থান থেকে একচুল সরে আসবে না।”
বিশ্লেষকরা বলছেন, ব্লেয়ারের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা নাইজেল শেইনওয়াল্ড ও ইরানের শীর্ষ পরমাণু আলোচক আলী লারিজানির সরাসরি টেলিসংলাপ এ সমস্যা সমাধানে ইতিবাচক প্রভাব রেখেছে।
এ প্রসঙ্গে ব্রিটেনের ইনস্টিটিউট অফ স্ট্যাটেজিক স্টাডিজের অস্ত্র বিস্তাররোধ বিষয়ক বিশেষজ্ঞ মার্ক ফিৎসপ্যাট্রিক বলেন, “লারিজানি নিজে উদারপন্থী না হলেও তিনি আশাবাদী এবং আশা করা যায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে তিনি ইরানের মুখ রক্ষাকারী একটি চুক্তি স্বাক্ষরের উপায় খুঁজে পাবেন।”
এ ঘটনা তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনাকে আরও গতিশীল করবে বলে আশা করছে ইইউর প্রেসিডেন্ট জার্মানি।
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সবাইকে অবাক করে বুধবার আটক নৌসেনাদের ক্ষমা করে দিয়ে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত জানান। ইরানের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তেহরান কর্তৃপক্ষ এদের আটক করে। কিন্তু ব্রিটেনের দাবি ছিল, সেনাদের ইরাকি জলসীমা থেকে আটক করা হয়েছে।
সেনাদের মুক্তির দাবি নিয়ে ইরানের সঙ্গে ব্রিটেনের টান টান উত্তেজনার পর হঠাৎ এক সংবাদ সম্মেলনে আহমাদিনেজাদ বলেন, “নবীর (সাঃ) প্রভাবে উদ্বুদ্ধ হয়ে ইরান এই ১৫ জনকে ক্ষমা করার পাশাপাশি এদের মুক্তিকে ব্রিটিশ জনগণের কাছে উপহার হিসেবে পাঠানো হচ্ছে।”
এরপর বৃহস্পতিবার রাতে সেনারা লন্ডনে নামার কয়েক ঘণ্টা পরই এক বিবৃতিতে মুক্তির অনুভূতি জানিয়ে বলেছেন, ‘‘মনে হচ্ছে যেনো স্বপ্ন সত্যি হলো। গত দুই সপ্তাহ খুবই কঠিন মনে হয়েছে। তবে আমরা অনেকজন একসঙ্গে থাকায় মনোবল হারাইনি। স্বজনরা আমাদের ঘরে ফেরার অপেক্ষায় আছে, এ কথাই সবসময় মনে হয়েছে।”
ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ১৫ নৌসেনার মুক্তিকে স্বাগত জানিয়েছেন। লন্ডনে তিনি সাংবাদিকদের বলেন, “সর্বদাই আমরা পরিমিত আচরণ করেছি। আমরা নিশ্চিত থাকলেও ছিলাম শান্ত। আমরা আলোচনাও করিনি, বিবাদেও যাইনি। আর ইরানি জনগণের উদ্দেশে আমি সহজভাবে এ কথাই বলব: “আমরা আপনাদের নিয়ে কোনো খারাপ ইচ্ছা পোষণ করি না।”
বিতর্কের কেন্দ্র হচ্ছে আটকের সময় ব্রিটিশ নৌসেনারা কোথায় ছিল। ব্রিটেন বলছে, জাতিসংঘের একটি নিয়মিত মিশনে তখন তারা ইরাকি জলসীমায় ছিল। তেহরান বলছে, ব্রিটিশ সেনারা তখন ইরানের সমুদ্রসীমার মধ্যে ছিল।
শাত আল-আরব সমুদ্র এলাকায় ব্রিটিশ ও ইরানি নৌসেনারা নিয়তিম টহল দিয়ে এলেও এখানকার ইরাক-ইরান জলসীমা সুনির্দিষ্ট নয়। ফলে এটি রয়ে গেছে সম্ভাব্য সংঘাতের একটি এলাকা হিসাবে।
১৫ ব্রিটিশ নৌসেনাকে মুক্তি দেওয়ার ঘোষণার পর হাস্যোজ্জল আহমাদিনেজাদ তাদের কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেন। স্মার্ট স্যুট পরিহিত সেসব সেনার সঙ্গে তিনি করমর্দন এবং দোভাষীর সাহায্যে আলাপ করেন।
তাদের মধ্যকার এক সেনা আহমাদিনেজাদকে বলেন, “আপনার ক্ষমার জন্য আমরা কৃতজ্ঞ। আমি আপনাকে এবং ইরানি জনগণকে ধন্যবাদ জানাচ্ছি।”
ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট অ্যাঙ্গেলা মার্কেল এবং মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ১৫ ব্রিটিশ সেনার মুক্তি ও ঘরে ফেরার খবরকে স্বাগত জানিয়েছেন।
১৫ নৌ-সেনার আত্মীয়স্বজনরাও তাদের ফিরে পেয়ে আনন্দে আত্মহারা। আটকদের একজন নাথান সামার্স এর ভাই নিক সামার্স স্কাই নিউজকে বলেন, ‘‘আমি খুবই আনন্দিত।”
ব্রিটিশ সংবাদপত্রগুলো অচলবস্থার অবসানকে স্বাগত জানিয়েছে। তবে তারা প্রশ্ন তুলেছে, কীভাবে এ অচলবস্থার অবসান হলো তা নিয়ে।
ডেইলি টেলিগ্রাফ তাদের শিরোনাম করেছে, “তারা ঘরে ফিরেছে,” তবে তারা আরো লিখেছে: “তবে একটি গোপন চুক্তিতে অর্জিত হয়েছে ১৫ ব্রিটিশ সেনার মুক্তি।”
দ্যা ডেইলি মিরর শিরোনাম করেছে-“মুক্তি!”। তবে তারা বলেছে: “এখনকার প্রশ্নগুলো হচ্ছে: তারা কি ইরানের জলসীমায় ছিল? কোন চুক্তিগুলো হয়েছিল? এবং এটা কি ব্লেয়ারের জন্য একটি কূটনৈতিক সফলতা না ব্রিটেনের জন্য একটি অপমান।”
বুধবারের ঘোষণার আগে মাহমুদ আহমাদিনেজাদ ওই ১৫ সেনাকে আটককারী ইরানি নৌসেনা দলের কমান্ডারকে একটি মেডেল পুরস্কার দেন এবং ব্রিটেনের সমালোচনা করেন। যাতে মনে হয়েছিল তিনি তাদের মুক্তি নাও দিতে পারেন।
