শ্রীলঙ্কার সমুদ্র উপকূলে সেনা-টাইগার সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ
শ্রীলংকার উত্তর-পশ্চিম উপকূলে শুক্রবার নৌবাহিনী ও তামিল টাইগারদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ সংঘর্ষে দুপক্ষই একে অপরের নৌযান ডুবিয়ে দেওয়ার পাল্টাপাল্টি দাবি করেছে।
সরকারি বাহিনী তামিলদের একটি আত্মঘাতী নৌযান ডুবিয়ে দিয়েছে বলে দাবি করে। টাইগাররাও নৌবাহিনীর একটি উপকূলীয় টহল নৌযান ডুবিয়ে দেয়ার পাল্টা দাবি করেছে।
কলম্বোর ১৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত কালপিতিয়া উপকূলীয় শহরের কছে দুপক্ষে ওই সংঘর্ষ হয়। সেনা ও টাইগারদের চলমান লড়াইয়ের মধ্যে এটি সর্বসাম্প্রতিক। হতাহতের সংখ্যা সম্পর্কে নির্ভরযোগ্য সূত্র থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
নৌবাহিনীর মুখপাত্র কামান্ডার ডিকেপি দেশানায়েক বলেন, “নৌবাহিনীর উপকূলীয় টহল নৌযানগুলো টাইগারদের পাঁচটি নৌযান চিহ্নিত করে সেগুলোর ওপর হামলা চালায়। হামলায় একটি আত্মঘাতী নৌযান বিধ্বস্ত হয়।”
তিনি আরও বলেন, “ডুবে যাওয়া নৌযানটিতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। ওই নৌযানে দুজন তামিল গেরিলা ছিল। অপর তামিল নৌযানগুলো পালিয়ে যায়।”
তামিল গেরিলা সূত্র জানায়, সংঘর্ষের সময় তিনটি তামিল নৌযান ছিল এবং তারা নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে।
তামিল গেরিলা মুখপাত্র রাসিয়াহ ইলানথিরাইয়ান বলেন, “আমাদের উপকূলীয় নৌযানগুলো স্বাভাবিকভাবে টহল দিচ্ছিল, সেসময় নৌবাহিনীর তিনটি টহল নৌযান আমাদের দিকে এগিয়ে এলে সংঘর্ষের সূত্রপাত হয়। একটি নৌযান ডুবে যায় এবং বাকিগুলো পালিয়ে যায়।”
তিনি আরও বলেন, “আমাদের কমান্ডার জানিয়েছেন, তিনি সাত নৌসেনার মৃতদেহ দেখেছেন। আমাদের তিনটি নৌযান হামলায় অংশ নিয়ে নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে।”
গত ১৫ মাসের সংঘর্ষে চার হাজারের বেশি সামরিক ও বেসামরিক লোক নিহত হয়েছে। গবেষকদের তথ্য অনুযায়ী, ১৯৮৩ সাল থেকে শ্রীলঙ্কায় শুরু হওয়া যুদ্ধে ৬৮ হাজারের বেশি মানুষ মারা গেছে।
