২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংকের প্রধানের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ

বিশ্ব ব্যাংকের কর্মচারী সংগঠন এক নারী কর্মীর পদোন্নতি এবং বেতন বৃদ্ধিকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে এর সঙ্গে সংস্থাটির প্রধান পল উলফোভিচ জড়িত বলে অভিযোগ করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Apr 2007, 04:08 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

গত মঙ্গলবার কর্মচারীদের মধ্যে সঞ্চালিত একটি চিঠিতে ব্যাঙ্কটির কর্মচারী সংগঠন ‘প্রধানের ঘনিষ্ঠ একজন কর্মকর্তাকে কর্মচারী নীতিমালা ভঙ্গ করে অনৈতিক সুবিধা দেওয়ার জন্য’ বিশ্ব ব্যাংকের প্রধান উলফোভিচ এবং এর সদস্য দেশগুলোকে নিয়ে গঠিত পরিষদের কাছে ব্যাখ্যা দাবি করেছে।

সাবেক জেন্ডার বিশেষজ্ঞ ও ঊর্ধতন যোগাযোগ উপদেষ্টা হিসেবে ব্যাংকটির মধ্যপ্রাচ্য বিষয়ক দপ্তরে আট বছর ধরে কর্মরত শাহা রিজার সঙ্গে উলফোভিচের সম্পর্কের কথা প্রকাশিত হয় ২০০৫ সালে যখন তিনি ব্যাংকটির প্রধান হিসেবে দায়িত্ব নেন।

ব্যাংকের পরিচালনা পরিষদের নীতিমালা ও আচরণবিধি বিষয়ক পরিষদের সাবেক সভাপতি এড মেলকার্টের মুখপত্র বৃহস্পতিবার নিশ্চিত করেছেন, এই পরিষদ উলফোভিচকে পরামর্শ দিয়েছিল রিজাকে ব্যাংকের বাইরে কোথাও নিয়োগ দিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য। তবে এর শর্ত নির্ধারণের বিষয়টি তারা ব্যাবস্থাপনা পরিষদের ওপর ছেড়ে দিয়েছিল।

ব্যাংকটির আচরণবিধি বিষয়ক পরিষদের সাবেক প্রধান এড মেলকার্ট বর্তমানে জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের সহকারি প্রশাসক। তার মুখপত্র রয়টার্সকে বলেছেন, “এই বিষয়ে আচরণবিধি পরিষদ ব্যবস্থাপনা পরিষদকে পরামর্শ দিচ্ছে সম্পর্ক রয়েছে এমন যুগলের একই কর্মস্থলে দায়িত্ব পালনের বিষয়টা অগ্রহণযোগ্য। তবে এর সম্ভাব্য সমাধান হিসেবে কর্মজীবনের অগ্রগতির আইনতান্ত্রিক উদ্বেগ বিবেচনা করে যেকোনো একজনকে সংস্থাটির বাইরে নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যায়।”

ব্যাংক সূত্র জানিয়েছে, এরপর ব্যাংকের জনশক্তি বিষয়ক উপপ্রধান হাভিয়ার কোল, সাবেক ঊর্ধতন আইনী পরামর্শক রবার্তো দানিনো এবং রিজার পক্ষের আইনজীবীদের মধ্যে আলোচনার মাধ্যমে একটা সমঝোতা হয় এবং রিজকে ব্যাংকের কর্মকর্তা হিসেবেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়োগ দেওয়া হয়। রিজা বর্তমানে ক্যারেন হিউজের অফিসে কাজ করেন, যারা পররাষ্ট্র দপ্তরের সাধারণ কূটনৈতিক প্রচেষ্টাগুলো তত্ত্বাবধান করে।

ব্যাংকটির উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, পল উলফোভিচ সম্পূর্ণ ঘটনাবলী থেকে নিজেকে প্রত্যাহারের চেষ্টা করেছিলেন। তবে তার এই দাবি প্রত্যাখ্যান করা হয়।

“ব্যক্তিগত সম্পর্ক রয়েছে বিধায় প্রধান পরিচালনা পরিষদকে অনুরোধ করেছিলেন এই কর্মকর্তার নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বাধ্যবাধকতা থেকে তাকে মুক্ত করে দেওয়ার জন্য। তবে পরিষদ ওই অনুরোধ প্রত্যাখ্যান করে এবং তার আপত্তি সত্ত্বেও বিষয়টি সমাধার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে সংস্থাটির বাইরে কোথাও নিয়োগ দেওয়ার পরামর্শ দেয়।”

ব্যাংকটির প্রধানের দপ্তর থেকে বুধবার আচরণবিধি বিষয়ক পরিষদের সঙ্গে রিজাকে নিয়ে উলফোভিচের যে আলোচনা হয়েছিলো তা সবার সামনে তুলে ধরার অনুরোধ জানানো হয়।

পেন্টাগন ও হোয়াইট হাউসের ঘনিষ্ঠ পরামর্শক দলের একাংশকে সঙ্গে নিয়ে ব্যাংকটির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই এর কর্মচারী পরিষদের সঙ্গে উলফোভিচের সম্পর্ক বিরোধপূর্ণ। সাম্প্রতিক এ ঘটনা এ বিষয়ে একটি নতুন সংযোজন।

ব্যাংকটির দুর্নীতি দমন বিভাগের প্রধান হিসেবে এক রিপাবলিকান দলের সদস্যকে নিয়োগ দিলে এ বিরোধ আরও বাড়ে। এ নিয়োগগুলো উলফোভিচের বিষয়ে ব্যাপক অসন্তোষের পরিমাণ বাড়িয়ে দেয়, এমনিতেই ইরাক যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ঝেড়ে ফেলতে পরিশ্রম করতে হয়েছে তাকে।

এই নতুন প্রতিবাদে কর্মচারী সংগঠন অভিযোগ তুলেছে, কৌশলগত সংঘাত এড়াতে ব্যাংক পররাষ্ট্র দপ্তরে রিজাকে নিয়োগ দিয়েছে, যেনো তারা পরস্পরের সুবিধা দেখতে পারে।

যখন কেউ ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট থেকে বাহিরের কোনো প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন, তখন তার বেতন ও অন্যান্য ভাতাদি প্রদান করে ব্যাংক। এমনটাই প্রচলিত রীতি। তবে তার প্রাপ্ত বেতন কাঠামোর পরিমাণ নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে। প্রশ্ন উত্থাপিত হয়েছে নতুন কর্মস্থলে যোগদানের আগে তাকে যে পদোন্নতি দেওয়া হয় সে প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও।

কর্মচারী পরিষদের বক্তব্য, রিজা নতুন কর্মস্থলে যাওয়ার আগে তাকে এমন একটি পদে নিয়োগ দেওয়া হয় যা প্রতিযোগিতামূলকভাবে পূরণ হওয়ার এবং যোগ্য প্রার্থী বাছাই ও অনুমোদনের কাজটা সংশ্লিষ্ট দপ্তরের করার কথা ।

“এই পদোন্নতি কোনোভাবেই এ প্রক্রিয়া মেনে হয়নি।”

যদিও পদোন্নতির ফলে রিজার বেতন বেড়েছে, তবে যে পরিমাণ বেড়েছে তা তার পদের সাথে সঙ্গতিবিহীন, তার নির্ধারিত পদের বেতন কাঠামোর দ্বিগুন বেতন পাচ্ছেন রিজা।

রিজা অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।