২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গণমাধ্যম সংকোচন নীতির সাফাই গাইলেন মালিকি

ইরাক সরকারের গণমাধ্যম সংকোচন নীতির সাফাই গাইলেন প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। একইসঙ্গে সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রশংসা করে গত চার বছরের যুদ্ধে প্রাণ হারানো সংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এসব সাংবাদিকদের স্মরণ ও তাদের পরিবার পরিজনদের সাহায্যার্থে আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার একথা বলেন তিনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Apr 2007, 02:55 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

নিউইয়র্ক ভিত্তিক সংস্থা ‘কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস’ এর তথ্য অনুসারে ২০০৩ সালে মার্কিন আগ্রাসন শুরুর পর থেকে ইরাকে এ পর্যন্ত ৭৬ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন এবং কমপক্ষে ১২ জন সাংবাদিক অপহরণের পর এখনও নিখোঁজ রয়েছেন।

যুদ্ধে নিহত সাংবাদিকদের স্মরণ অনুষ্ঠানে তাদের পরিবার পরিজনকে আর্থিক সহায়তা দেওয়া হয় ওই অনুষ্ঠানে। ইরাকি সরকার পাঁচ কোটি ইরাকি দিনার (৩৮ হাজার ডলার) দিয়েছে তাদের সাহায্যার্থে। একইসঙ্গে ব্রাসেলসভিত্তিক ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট সাহায্য দিয়েছে ৩৩ হাজার ডলার।

অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী মালিকি। তবে তার লিখিত বক্তব্য পড়ে শোনান এক কর্মকতা। বিবৃতিতে মালিকি বলেছেন, “ইরাকে সন্ত্রসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রসৈনিকে পরিণত হয়েছে আমাদের জাতীয় গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো। দেশ ও জনগণের প্রতি বিশ্বস্ত সাংবাদিকদের বিরুদ্ধে সহিংস প্রচারণায় নেমেছে ওই সন্ত্রাসবাদীরা।”

মালিকির বিবৃতিতে বলা হয়, “জাতীয় স্বার্থ রক্ষা, দেশের মাটি ও জনগণকে রক্ষা করার তাগিদেই অল্পকিছু গণমাধ্যম প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে সরকার।”

মালিকি সরকারের গণমাধ্যম সংকোচন নীতির সাফাই গাইলেও ইরাকে সাংবাদিকতা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। ইতোমধ্যেই বেশকিছু টিভি চ্যানেল ও অনেক সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছে দেশটিতে। ২০০৬ সালে ইরাকে কাতারভিত্তিক আরব টিভি চ্যানেল ‘আল জাজিরার’ সম্প্রচার নিষিদ্ধ করা হয়। এ বছরের জানুয়ারিতে বন্ধ করা হয় দুবাই ভিত্তিক জনপ্রিয় ইরাকি চ্যানেল শারিকিয়া’র সম্প্রচার। এর আগে গত নভেম্বরে বন্ধ করে দেওয়া হয় দুটি স্থানীয় টিভি চ্যানেল।