নতুন প্রেসিডেন্টকে সংবর্ধনা দেবে চেচনিয়া
রাশিয়ার বিচ্ছিন্নতাকামী প্রজাতন্ত্র চেচনিয়া তাদের প্রেসিডেন্ট ৩০ বছর বয়সী শৌখিন মুষ্টিযোদ্ধা রমজান কাদিরভকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কাদিরভের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলো অসামরিক নাগরিদের হত্যা এবং অপহরণের অভিযোগ করেছিল।
কাদিরভের ক্ষমতা গ্রহণ উপলক্ষে চেচেন কর্তৃপক্ষ নিরাপত্তা বৃদ্ধি করেছে এবং জামজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। স্থানীয় অধিবাসীরা ১৯৯৪ সাল থেকে রাশিয়ার সরকারি সেনা ও চেচেন বিদ্রোহীদের মধ্যে চলমান যুদ্ধে বিধ্বস্ত এই অঞ্চলে শান্তি স্থাপন এবং এ অঞ্চলের পুনর্নির্মাণের কৃতিত্ব দিয়েছে তাকে।
প্রাক্তন বিদ্রোহী নেতা কাদিরভ বর্তমানে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। তার নিজস্ব সামরিক বাহিনী রয়েছে। বিচ্ছিন্নতাবাদীদের অবশিষ্টাংশকে দুর্বল করতে তিনিই ক্রেমলিনের প্রধান অস্ত্র।
কাদিরভ চেচনিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছেন। ৪৩ বছর বয়স্ক রমজানের মতে, “রমজান কাদিরভ চমৎকার মানুষ এবং শক্ত মনের প্রেসিডেন্ট। তিনি প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই সব ঠিক মতো চলছে।”
রাস্তায় নতুন ফুটপাত দেখিয়ে তিনি বলেন, এসব স্থাপনাই কাদিরভের তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে।
কাদিরভ গত বছর মস্কোপন্থী প্রশাসনের প্রধানমন্ত্রীর এবং এ বছর ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্টের পদ গ্রহণ করেন। তবে তিনি তার বিরুদ্ধে আনীত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি তার বাবা কাদিরভের পদাঙ্ক অনুসরণ করছেন। ২০০৪ সালে এক বোমা বিস্ফোরণে নিহত হওয়ার আগে কাদিরভ চেচনিয়ার মস্কোপন্থী নেতা ছিলেন।
কাদিরভের সামরিক বাহিনীর সহায়তায় রাশিয়ার সেনাবাহিনী অধিকাংশ জঙ্গি নেতাদের হত্যায় সমর্থ হয়। তাদের যুগপৎ আক্রমণে জঙ্গিরা দুর্গম পাহাড়ে সরে যেতে বাধ্য হয়। তবে সেখান থেকে তারা বিভিন্ন সময় গেরিলা হামলা চালায়।
কয়েকজন বিশ্লেষকের অভিমত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০০৮ সালে অবসর নেওয়ার পর এই সম্পর্ক ভেঙে যেতে পারে ।
মস্কোর কার্নেজি সেন্টারের অ্যালেক্সেই মালাশেঙ্কো বলেছেন, “পুতিন কাদিরভকে প্রেসিডেন্টের পদে মনোনীত করেছেন এবং আগামী নির্বাচন পর্যন্ত এটা ঠিক থাকবে। তবে পরবর্তী প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের পর কাদিরভ সমস্যার মুখোমুখি হতে পারেন।”
রাশিয়ার নিরাপত্তা বাহিনী এফএসবির প্রভাবশালী সদস্য এবং রাশিয়ার সেনা কর্মকর্তারা কাদিরভের প্রভাব প্রতিপত্তি আর ক্ষমতা অর্জন নিয়ে উদ্বিগ্ন। তাদের অভিমত, মস্কোতে তার মনিবের (পুতিনের) বিরোধিতা করতে পারেন তিনি।
গ্রোজনি ও চেচনিয়ার পূনর্নির্মাণে মস্কো প্রচুর অর্থ সাহায্য দিয়েছে। তবে এসবের কৃতিত্ব নিয়েছেন কাদিরভ। তার ও তার বাবার নামে সড়কের নামকরণ এবং তার ছবি সম্বলিত বড় বড় পোস্টার দিয়ে নিজেকে রূপকথার নায়ক হিসেবে পরিচিত করতে সক্ষম হয়েছেন তিনি।
