২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই রাজার প্রতি অবমাননাকর ভিডিও সরিয়ে নিয়েছে ইউটিউব

থাইল্যান্ডের রাজার অবমাননা করে তৈরি ৪৪ সেকেন্ডের একটি ভিডিওক্লিপ ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে ইউটিউব। থাইদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মুখে এটি সরিয়ে নেওয়া হয় বলে বৃহস্পতিবার ইউটিউব সংশ্লিষ্ট আরেকটি ওয়েবপেজে জানানো হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Apr 2007, 04:26 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

তবে দেশটির যোগাযোগমন্ত্রী সিচ্চিচাই পুকাইয়াদম জানিয়েছেন, ‘প্রশাসন ইউটিউব সাইট বন্ধ রাখার সিদ্ধান্তে এখনও অনড়। কেননা ওয়েবসাইটে থাকা দুটো ছবিকেও আক্রমণাত্মক মনে করছেন তারা। তিনি রয়টার্সকে বলেন, “আমরা চাই ওই দুটো ছবিও ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হোক’’।

এর আগে ভিডিওক্লিপটি সরাতে রাজি না হওয়ায় গুগলি মালিকানাধীন ইউটিউবের সমালোচনা করেন।

থাই মন্ত্রী আরও বলেন, “জনমনে ওই ভিডিও ক্লিপের বিরূপ প্রতিক্রিয়া হতে পারে বলে আগেই তাদের বলা হয়েছিল। কিন্তু তখন তারা যুক্তি দেয়, প্রেসিডেন্ট বুশকে নিয়ে এর চেয়েও বাজে ও উদ্ভট ভিডিও ক্লিপিং রয়েছে। থাই ক্লিপিংও সেখানেই রাখা হয়েছে।”

সিচ্চিচাই বলেন, “তারা আসলে আমাদের অনুভূতির ব্যাপারটি অনুধাবন করতে পারেনি। তাছাড়া থাইল্যান্ডে তাদের ছোটো বাজারও কাজটি করতে তাদের প্ররোচিত করে।”

ইউটিউবের ওই ভিডিওক্লিপে থাইদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র রাজা ভূমিবলের অবমাননাকর ছবি দেওয়া হয়। তাতে রাজার মুখাবয়ব অত্যন্ত রূঢ় দেখানো হয়। আর রাজার দেহের নিচের অংশে নারীর পা জুড়ে দেওয়া হয়। এটাই থাইদের বেশি ক্ষুব্ধ করে।

থাইল্যান্ডে রাজার অবমাননা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য। এর জন্য ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

এদিকে থাইল্যান্ডের এ ঘটনায় হতাশা প্রকাশ করে ইউটিউব বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।