বাথ পার্টি সংক্রান্ত খসড়া আইন প্রত্যাখান করেননি সিস্তানি: মুখপাত্র
ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বাথ পার্টির সাবেক সদস্যদের সরকারি চাকরিতে আবারও যোগদানের অনুমতি দিয়ে প্রণীত একটি খসড়া আইন দেশটির সর্বোচ্চ শিয়া ধর্মগুরু আয়াতুল্লাহ আলী আল-সিস্তানির প্রত্যাখান করার খবর অস্বীকার করেছেন তার এক মুখপাত্র।
বৈরুত থেকে ওই মুখপাত্র হামেদ আল-খাফাফ বুধবার এক বিবৃতিতে বলেন, “কয়েকটি বার্তাসংস্থা সৈয়দ সিস্তানির ঘনিষ্ঠ ব্যক্তি পরিচয়ে একজনের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে, যা সত্য নয়।”
“দেশের সাংবিধানিক সংস্থার বিশেষত্বের সঙ্গে সৈয়দ সিস্তানিকে জড়িত করার এ প্রচেষ্টায় আমরা অবাক হয়েছি।”
তবে খসড়া আইনটির ব্যাপারে সিস্তানির অবস্থান কী, খাফাফ তা জানাননি।
বেশ কয়েকটি বিদেশি প্রচারমাধ্যম সম্প্রতি জানিয়েছে, সিস্তানি ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বাথ পার্টির সাবেক সদস্যদের সরকারি চাকরিতে আবারও যোগদানের অনুমতি দিয়ে প্রণীত একটি খসড়া আইনের বিরোধিতা করছেন।
শিয়া প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি এবং সুন্নি কুর্দি প্রেসিডেন্ট জালাল তালাবানি গত সপ্তাহে নতুন এই আইনটি প্রণয়নের ব্যাপারে একমত হন। অনুমোদনের জন্য এটি শিগগিরই পার্লামেন্টে তোলা হবে।
খসড়া আইনে বাথ পার্টির বর্ষীয়ান সদস্যদের রাজনৈতিক জীবন নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। তবে বাকিরা সরকারি চাকরিতে যোগ দিতে পারবেন।
