২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান থেকে গ্যাস আমদানি প্রশ্নে প্রতিশ্রুতিবদ্ধ ভারত ও পাকিস্তান

ইরান থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানি প্রশ্নে নতুন অঙ্গীকার করেছে ভারত ও পাকিস্তান। পাশাপাশি তারা আন্তরিকতার সঙ্গে প্রকল্পটি এগিয়ে নেওয়ার কথাও বলেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Apr 2007, 07:46 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

ভারত ও পাকিস্তান ৭০০ কোটি ডলারের এই পাইপ লাইন প্রকল্পের মাধ্যমে ইরান থেকে গ্যাস আমদানির ব্যাপারে তেহরানের সঙ্গে আলোচনা চালাচ্ছে। কিন্তু ওয়াশিংটন এর বিরোধিতা করছে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, এর ফলে ইরান তার পরমাণু অস্ত্র কর্মসূচি সংক্রান্ত তহবিল সমৃদ্ধ হবে।

পাকিস্তান কর্তৃপক্ষ জানায়, “দুদেশের প্রধানমন্ত্রী প্রস্তাবিত ইরান-পাকিস্তান-ভারত গ্যাস পাইপলাইন নিয়ে আলোচনা করেছেন। তারা প্রকল্পটির সফল বাস্তবায়নে গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।’’

পাকিস্তানের মধ্য দিয়ে ভারতে পাইপলাইন আনতে ইসলামাবাদের ধার্য করা ব্যয় না কমানোর বিষয়টি নিয়ে ভারত এর আগে এই প্রকল্প থেকে সরে আসার হুমকি দিয়েছিল। এখন দুদেশ আবারও এ প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার করল।

নয়াদিল্লিতে সার্ক সম্মেলন চলাকালে বুধবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজের দ্বিপাক্ষিক আলোচনার পর পকিস্তান একথা জানায়। বক্তব্যে আরও জানানো হয়, দুই নেতা এর আগে দুদেশের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনায় সন্তোষ প্রকাশ করেছেন।

ভারত-পাকিস্তানের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে প্রস্তাবিত গ্যাস পাইপলাইন প্রকল্পের ধীর অগ্রগতির একটি কারণ দুই দেশের মধ্যকার উত্তেজনা। অপর কারণটি হলো, আণবিক অস্ত্র কার্যক্রম নিয়ে ভারত ও ইরানের মতপার্থক্য।

আণবিক অস্ত্র কার্যক্রম নিয়ে ইরানকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র গ্যাস পাইপলাইন প্রকল্পের ব্যাপারে ভারতকে বারবার নিরুৎসাহিত করছে।

ইরানের পরমাণু কার্যক্রমের বিরোধিতা করলেও ভারত প্রকল্পটির বাস্তবায়নের সিদ্ধান্তের বিষয়ে তার অবস্থান পরিবর্তন করেনি। গ্যাস পাইপলাইন কার্যক্রম চালুর জন্য আগামী জুনের মধ্যে দাম নির্ধারণ বিষয়ে তিন দেশ একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী গত মঙ্গলবার বলেন, পাইপলাইন দুই দেশের মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা এবং পারস্পরিক নির্ভরশীলতা বাড়াবে যা ধীরগতির চলমান শান্তি প্রক্রিয়ায় গতি আনবে। তিনি বলেন, “এই বৈঠক ভারত ও পাকিস্তানের জ্বালানি নিরাপত্তা জোরদারে যথেষ্ঠ ভূমিকা রাখবে।”