২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরে যাচ্ছেন মধ্যপ্রাচ্যে জাতিসংঘের দুত

মধ্যপ্রাচ্যে জাতিসংঘের দুত হিসেবে কর্মরত আলভারো দি সোতো মে মাসে অবসরে যাচ্ছেন। ২০০৫ সালের মে মাস থেকে তিনি ওই পদে নিয়োজিত ছিলেন। তার উত্তরসূরী নির্বাচন করতে কূটনৈতিকরা বিশ্বের নেতৃবৃন্দের কাছে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে আলোচনা করে যৌথভাবে বিশেষ দূতের নাম প্রস্তাবের সিদ্ধান্তসহ অন্যান্য বিকল্প ব্যবস্থা বিবেচনার আহ্বান জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Apr 2007, 07:28 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার প্রধান চতুষ্টয় হলো-যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), রাশিয়া ও জাতিসংঘ। এরা ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এবং ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সমঝোতা এবং আরব শান্তি প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে খসরা প্রস্তুত করছে।

আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ দলকে ২০০৬ সালের মার্চে অনুষ্ঠিত সাংসদ নির্বাচনে পরাজিত করে হামাসের সরকার গঠনের পর জাতিসংঘের নেতৃত্বে এই চতুষ্টয় ফিলিস্তিনকে সরাসরি অর্থনৈতিক সহায়তা দেওয়া বন্ধ করে দেয়।

জাতিসংঘের মহাসচিব বান কি মুনের মুখপাত্র ফারহান খান বলেছেন, “তিনি (সোতো) অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। তবে তার নির্ধারিত মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত মহাসচিব তাকে তার দায়িত্ব পালনের অনুরোধ করেছেন। আগামী ৭ মে মেয়াদ শেষ হলে তার ২৫ বছরের বর্ণাঢ্য চাকরি জীবনের সমাপ্তি ঘটবে।”

তিনি আরও জানান, সোতোর স্থলাভিষিক্ত কে হবেন তা এখনও নির্ধারিত হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমা কূটনৈতিকেরা বলেছেন, জাতিসংঘের বিশেষ দূতের পদটির ভবিষ্যত নিয়ে খানিকটা সংশয় রয়েছে।

তারা বলেছেন, জাতিসংঘের অভ্যন্তরে আলোচিত সম্ভাবনাগুলোর ভেতরে একটি ছিল আরও একজন বিশেষ দূতের নিযুক্তি যিনি পরে শান্তি আলোচনায় চাপ সৃষ্টির জন্য চতুষ্টয়ের প্রতিনিধি হবেন।

জাতিসংঘ কর্তৃপক্ষ জানিয়েছে, সোতোর স্থলাভিষিক্ত কে হবেন এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কূটনীতিবিদরা আশংকা করছেন, বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে বিবেচনাধীন এবং চতুষ্টয়ের মধ্যকার দ্বন্দ্ব শিগগিরই তাদের পক্ষে একক দূত নিয়োগের সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি পিছিয়ে দিতে পারে।

চতুষ্ঠয়ের শেষ দুত জেমস উলফেনসন এক বছর আগে পদত্যাগ করেন এবং তিনি মূলত হামাসের ক্ষমতা গ্রহণের আগে ফিলিস্তিনের অর্থনৈতিক বিষয়গুলোর ওপর প্রাধান্য দিয়েছিলেন।

সম্প্রতি সমাপ্ত আরব লীগের সম্মেলনে নির্ধারিত কিছু শর্ত পূরণ সাপেক্ষে ইসরাইলের সাথে অন্যান্য আরব দেশগুলো স্বাভাবিক সম্পর্ক স্থাপনের প্রস্থাব উত্থাপিত হয়েছে।

ইউরোপের কূটনীতিবিদরা বলছেন, চতুষ্টয়ের জন্য বিশেষ একজন দূত নিয়োগের বিষয়টি আলোচনার জন্য উত্থাপিত হয়নি ইউরোপীয় ইউনিয়নে। তবে ইউরোপীয় ইউনিয়ন আরব রাষ্ট্রগুলোর এই উদ্যোগকে এগিয়ে নেওয়ার প্রক্রিয়া নিয়ে ভাবছে বলে জানিয়েছেন কূটনীতিবিদরা।

তার সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে কন্ডোলিৎসা রাইসকে প্রশ্ন করা হয়েছিল, তিনি মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগে কারও নাম প্রস্তাব করবেন কিনা। এর উত্তরে তিনি জানান, “দেখা যাক এর পরিণতি কি হয়। যেকোনো সিদ্ধান্ত গ্রহণে আমি বেশ নমনীয়।”