২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে পেলোসির বৈঠক

হোয়াইট হাউজের সমালোচনার মুখেই বুধবার সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Apr 2007, 06:09 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

সিরীয় প্রেসিডেন্টের বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে ইরাক পরিস্থিতিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলোচনা হয়।

বৈঠকের আগে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারের এক সফরসঙ্গী জানান, সিরীয় প্রেসিডেন্টের সঙ্গে আলোচনাকালে ইরাকে সহিংসতায় মদদদান এবং হামাস ও হিজবুল্লাহকে সমর্থনের বিষয় নিয়ে পেলোসি আলোচনা করবেন বলে কথা রয়েছে।

এদিকে সিরীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সসম্মানে ফিরে যাওয়া নিশ্চিত করতে তাতে সহায়তাদানে দামেস্কের আপত্তি নেই। তবে এর বিনিময়ে গোলান মালভূমি ছেড়ে দেওয়ার জন্য ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের চাপ দিতে হবে।

ন্যান্সি পেলোসির সফর প্রসঙ্গে সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত দৈনিক পত্রিকা তিশরিন বলেছে, “যুক্তরাষ্ট্র ও সিরিয়ার সম্পর্ক স্বাভাবিক করার জন্য বিদ্যমান সব বাধা দূর করতে পেলোসির এ সফর যথেষ্ট ভূমিকা রাখবে বলে দামেস্ক মনে করে না। তবে সংলাপের ক্ষেত্র তৈরিতে তিনি যে উদ্যোগ নিয়েছেন, তার গুরুত্ব অনস্বীকার্য।”

পত্রিকাটি আরও জানায়, সিরিয়া ইরাক যুদ্ধ সমর্থন করে না। পাশাপাশি ইরাকে অস্থিতিশীল অবস্থার জন্য সিরিয়াকেও বেশ ভুগতে হচ্ছে। এক্ষেত্রে সিরিয়ায় অবস্থানরত ১২ লাখ ইরাকি শরণার্থীর কথা পত্রিকাটি উল্লেখ করে।

এদিকে মঙ্গলবার রাতে ন্যান্সি পেলোসিকে সংবর্ধনা দেয় দামেস্কের মার্কিন দূতাবাস। ওই সময় তার সফর নিয়ে হোয়াইট হাউজের সমালোচনার জবাবে তিনি বলেন, “সমস্যা অনুধাবন ও পরস্পরের আস্থা অর্জনের একটি সুযোগ এনে দিয়েছে এ সফর। সুতরাং তা হেলায় হারানো ঠিক হবে না।”

তবে ন্যান্সি পেলোসির এ সফর নিয়ে গত কয়েকদিন ধরেই সমালোচনা করে যাচ্ছে হোয়াইট হাউজ। মঙ্গলবার প্রেসিডেন্ট বুশও তাতে শরিক হন। তার মতে, এ সফর দামেস্কের কাছে মিশ্র বার্তা পৌঁছাবে। কারণ, সিরিয়া সরকার সম্পর্কে মার্কিন সরকারের দৃষ্টিভঙ্গীর কোনো পরিবর্তন হয়নি।

বুশ প্রশাসন সন্ত্রাসে মদদদাতা রাষ্ট্র হিসেবে সিরিয়াকে চিহ্নিত করে আসছে। ২০০৫ সালে লেবাননের প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ডের পর দামেস্ক থেকে রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র।