মধুপুরে আদিবাসী নেতা হত্যার ঘটনায় মেঘালয়ে বিক্ষোভ
বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুরে যৌথবাহিনীর হেফাজতে আদিবাসী নেতা চলেশ রিছিলের মৃত্যুর ঘটনায় ভারতের মেঘালয় রাজ্যের আদিবাসীরা প্রতিবাদ ও বিক্ষোভ জানিয়েছেন।
সুহাস চাকমার নেতৃত্বাধীন দিল্লিভিত্তিক মানবাধিকার সংস্থা ‘এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস’ তার হত্যার ঘটনাটি প্রকাশ করার পর বুধবার মেঘালয়ের রাজধানী শিলং এবং গারো পার্বত্যাঞ্চলীয় শহর তুরায় আদিবাসীরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন।
আদিবাসীদের অধিকার রক্ষায় সংগ্রামরত চলেশ রিছিল মেঘালয়ের আদিবাসীদের কাছে ‘মধুপুর বনের মেধা পাটকার’ নামেই সুপরিচিত ছিলেন।
বিক্ষোভে শামিল স্থানীয় বয়োজ্যেষ্ঠ আদিবাসী নেতারা চলেশ রিছিলের হত্যার ঘটনাটিকে মেঘালয় সরকারকে বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরার দাবি জানান।
আদিবাসী নেতা মুকুল সাংমার ভাষায়, ‘‘রিছিল আদিবাসীদের অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন। তিনি বিদ্রোহী বা বিচ্ছিন্নতাবাদী ছিলেন না।”
