ন্যান্সি পেলোসির সিরিয়া সফরের সমালোচনায় বুশ
যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সিরিয়া সফরের কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিও বুশ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এর ফলে দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাবের কোনো পরিবর্তন হবে না।
মঙ্গলবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বুশ বলেন, “প্রতিনিধি পরিষদের স্পিকার পেলসির মতো কর্মকর্তার সিরিয়া ভ্রমণ সেদেশের সরকারের কাছে মিশ্র বার্তা পৌঁছবে। কেননা, দেশটি সম্পর্কে মার্কিন প্রশাসনের মনোভাবের কোনো পরিবর্তন হয়নি।”
তার মতে, এ সফরের কারণে সিরিয়া সরকার ভাবতে পারে, তারা ঠিক পথেই রয়েছে।
প্রেসিডেন্ট বুশ অভিযোগ করেন, সিরিয়া সন্ত্রাসীদের আর্থিক সহায়তা দিচ্ছে। এছাড়া সীমান্ত দিয়ে ইরাকে জঙ্গি অনুপ্রবেশ রোধে কিংবা হামাস বা হিজবুল্লাহর মতো সংগঠনগুলোকে নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেয়নি।
বুশ প্রশাসন এজন্য বিশ্বসন্ত্রাসে মদদদাতা রাষ্ট্র হিসেবে সিরিয়াকে অভিহিত করে আসছে। তাই কয়েকদিন ধরেই পেলোসির সিরিয়া সফর ও প্রেসিডেন্ট আসাদের সঙ্গে বৈঠকের সমালোচনায় মুখর হোয়াইট হাউজ। তাদের মতে, এটা সিরীয় নেতাদের অনৈতিক সুবিধা নেওয়ার জন্য একটা ছবি তোলার সুযোগ ছাড়া আর কিছুই না।
ডেমোক্রেট নেতা পেলসি মঙ্গলবার সিরিয়ায় পৌঁছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাত নিয়ে তার মনে কোনো দ্বিধা নেই। বরং ব্যাপক প্রত্যাশা আছে। পেলসি জানান, তাদের বৈঠকের মূল আলোচ্য হবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইকে কীভাবে এগিয়ে নেওয়া যায়।
এদিকে পেলোসির সফরের সমালোচনা হলেও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের নেতারাই বিভিন্ন সময়ে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাতের জন্য দামেস্ক যান। গত রোববার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে বৈঠক করেন তিন রিপাবলিকান কংগ্রেস সদস্য।
ম্যাসাচুসেটসের ডেমোক্রেট সিনেটর এবং সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী জন কেরি গত ডিসেম্বরে আসাদের সাথে সাক্ষাৎ করেন।
