২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটক ব্রিটিশ নৌসেনাদের বিচারে দাঁড় করাবে না ইরান

আটক ব্রিটিশ নৌসেনাদের বিচারে দাঁড় করাবে না ইরান। কূটনৈতিক আলোচনার মধ্য দিয়েই বিষয়টির সমাধান চায় তারা। সোমবার ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব আলী লারিজানি এ কথা জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Apr 2007, 12:32 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

যুক্তরাজ্যের চ্যানেল-ফোর টেলিভিশনকে আলী লারিজানি বলেন, “নৌসেনা ইস্যুটির একটি সমাধান জরুরি। তবে তাদের বিচারে দাঁড় করানোর কোনো প্রয়োজন এ মুহূর্তে দেখছে না তেহরান।”

তার মতে, বিষয়টি পর্যালোচনায় একটি প্রতিনিধি দল কাজ করতে পারে। যারা খতিয়ে দেখবে, আটকের সময় নৌসেনারা কাদের জলসীমায় ছিল। এটি এড়িয়ে সমস্যার সমাধান হতে পারে না।

আলী লারিজানি আরও বলেন, “বিষয়টি নিয়ে আমাদের ও যুক্তরাজ্য সরকারের দৃষ্টিভঙ্গী ভিন্ন। আমরা মনে করি, দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়েই সমস্যার সমাধান আসবে। আর ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না, এমন নিশ্চয়তাও আমরা চাই।”

ইরানে বসেই চ্যানেল ফোরকে ওই সাক্ষাৎকার দেন আলী লারিজানি। ফারসিতে দেওয়া ওই সাক্ষাৎকারটির ইংরেজি ভাষান্তর টেলিভিশনে সম্প্রচার করা হয়।

এদিকে ইরান টেলিভিশন জানিয়েছে, নৌসেনা ইস্যুতে যুক্তরাজ্যের নীতির পরিবর্তন হওয়ায় সমস্যা সমাধানের ক্ষেত্র তৈরি হয়েছে।

সোমবার ইরান টিভিতে বন্দিদের নতুন ভিডিওফুটেজ দেখানো হয়। এতে ক্যামেরার সামনে বন্দিদের কথা বলতে দেখা গেলেও সে কথা শোনানো হয়নি।

অন্যদিকে যুক্তরাজ্যে সেনাবাহিনী জানিয়েছে, নৌসেনাদের নির্বিঘেœ মুক্তিই এ মুহূর্তে তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর এক মুখপাত্র সোমবার এ কথা জানান।

এ বিষয়ে ইরানের পাঠানো একটি চিঠির জবাবও দিয়েছে যুক্তরাজ্য। তবে তার উত্তর এখনও তেহরান জানায়নি। ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মুখপাত্র বলেন, “আমরা জবাবের জন্য অপেক্ষা করছি। তবে ইরানের কাছে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট হয়েছে বলেই মনে করছি আমরা। টেলিভিশনে ছবি প্রচার করে স্ব অবস্থান থেকে আমাদের টলানো যাবে না।”

যুক্তরাষ্ট্রও অবিলম্বে ইরানি নৌসেনাদের মুক্তির দাবি জানিয়েছে। বিষয়টি আরও নমনীয়তার সঙ্গে দেখার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।