শ্রীলংকায় কয়েকটি সংঘর্ষে নিহত ১৭
শ্রীলংকার উত্তর ও পূর্বাঞ্চলে রোববার কয়েকটি সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত আট তামিল গেরিলাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। জাফনায় গেরিলাদের হাতে দুই রাজনৈতিক কর্মী খুন হয়েছেন বলেও জানিয়েছে তারা। অন্যদিকে, সুনামি পরবর্তী পূনর্বাসন কর্মীদের হত্যার জন্য সরকার ও তামিল টাইগারা একে অন্যকে দোষারোপ করেছে।
সামরিক মুখপত্র ব্রিগেডিয়ার প্রাসাদ সামারাসিংহে সোমবার জানিয়েছেন, “মান্নারের কয়েকটি সংঘর্ষ শেষে অন্তত আটজন টাইগার যোদ্ধার মৃতদেহ দেখতে পেয়েছে সেনারা। এছাড়া আরও কয়েকজন গেরিলা গুরুতর আহত হয়েছে।”
দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে রোববার রাতে সেনা-গেরিলা মর্টার বোমা বিনিময়সহ দীর্ঘক্ষণ লড়াই চলে। সামরিক বাহিনী অভিযোগ করেছে, টাইগারেরা উত্তরাঞ্চলের দুজন রাজনৈতিক কর্মীকে এবং জাফনায় একজন বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে।
তবে উভয় পক্ষই ছয়জন সিংহলী নাগরিককে হত্যার জন্য অভিযুক্ত করেছে অপরপক্ষকে। এরা পূর্বাঞ্চলীয় জেলা বাত্তিকালোয়ায় সুনামী পরবর্তী গৃহনির্মাণ কাজে নিয়োজিত ছিলেন।
সামারাসিংহে বলেন, ছয়জন নির্মাণ কর্মীকে মাথায় গুলি করে হত্যা করা হয়। গত বছর ফরাসী ত্রাণসংস্থা কন্ট্রেলা ফেইমের ১৭ জন স্থানীয় কর্মীকে হত্যার ভয়ঙ্কর স্মৃতি পুনর্জাগ্রত করেছে এই ঘটনা।
তবে তামিল টাইগারেরা এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, এই ঘটনার জন্য সামরিক বাহিনী কিংবা বিদ্রোহী করুনা গ্রুপ দায়ি ।
বিদ্রোহীদের মানবাধিকার বিষয়ক মুখপত্র এন সেলভি উত্তরাঞ্চলে টাইগারদের শক্ত ঘাঁটি কিলিনোচ্চি থেকে টেলিফোনে জানিয়েছে, “এসব বেসামরিক লোকদের হত্যার সঙ্গে আমরা কোনোভাবেই সম্পৃক্ত নই। আমরা এই ঘটনার জন্য সরকার কিংবা কারুণা গ্রুকে অভিযুক্ত করছি।”
তিনি আরও অভিযোগ করেন, পূর্বাঞ্চলীয় আমপারা জেলায় একটি জলাধার ধ্বংস করে এবং এর আশেপাশের জমিকে প্লাবিত করে সেনাবাহিনী তামিল জাতিসত্ত্বার কৃষকদের চাষযোগ্য ভূমি ধ্বংস করছে।
শ্রীলংকায় সাম্প্রতিক মাসগুলোতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অপহরণ ও মানবাধিকার লংঘনের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্থাগুলো ধারাবাহিক মানাবাধিকার লঙ্ঘনের জন্য উভয় পক্ষকেই দোষারোপ করেছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে পর্যবেক্ষক দল পাঠানোর অনুরোধ করেছে।
এদিকে সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে নয়াদিল্লী সফররত শ্রীলংকার প্রেসিডেন্ট মহেন্দ্র রাজপাকসে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোকে সম্মিলিত সন্ত্রাসবিরোধী কার্যক্রম চালানোর অনুরোধ জানিয়েছেন।
