দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ভূমিকম্প ও সুনামি, সোলোমান দ্বীপে নিহত ১২
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভুমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে সোমবার সকালে সোলোমান দ্বীপে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। সুনামি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে এ আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিখটার স্কেলে কমপক্ষে আট মাত্রার এ ভুমিকম্পে সোলোমানের রাজধানী হোনিয়ারার দক্ষিণ পশ্চিমাঞ্চলের গিজো দ্বীপের একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামির বিশাল ঢেউয়ে উপকূলীয় অঞ্চলের বহু গ্রাম আকস্মিকভাবে তলিয়ে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানায় কমপক্ষে ১০ মিটার উঁচু এসব ঢেউ মূহুর্তের মধ্যে ধূয়ে মূছে নিয়ে যায় বহু ঘরবাড়ি। এসব গ্রামের বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
সোলেমান দ্বীপ সরকারের প্রধান মুখপাত্র আলফ্রেড মায়েসুলিয়া রয়টার্সকে বলেছেন,“কমপক্ষে ১২ ব্যক্তির মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে কারণ অনেক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।”
মায়েসুরিয়া জানান, গিজো দ্বীপে ১২ বছর বয়সী একটি মেয়ে সুনামির পানিতে ডুবে মারা গেছে। এছাড়া সোলোমান দ্বীপের পশ্চিমাঞ্চলে অবস্থিত চয়সিউল দ্বীপে দুইজন এবং মোনো দ্বীপে তিন ব্যক্তি মারা গেছেন।
স্থানীয় ব্যবসায়ী ও গিজোর রাজনীতিবিদ ড্যানি কেনেডি রয়টার্সকে বলেছেন, “প্রায় চার পাঁচ মিটার উচুঁ হয়ে ফুলে ওঠে সমুদ্র এবং আশেপাশের সবকিছু এর পরপরই পানিতে ডুবে যায়।”
তিনি আরও বলেন,“পশ্চিমাঞ্চলীয় দ্বীপগুলো বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকায় সেখানে যাওয়া বা সেখানকার সঙ্গে যোগাযোগ রাখা কঠিন। তারপরও এলাকাগুলো পরিদর্শনে সেখানে একটি দল পাঠাচ্ছি আমরা ।”
এদিকে সোলেমান দ্বীপের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে বোঝা যাচ্ছেনা।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের ব্যবস্থাপক জুলিয়ান ম্যাকলেওড জানান কয়েকটি গ্রামের ঘরবাড়িসহ সহ প্রায় ৬০টি বিল্ডিং ক্ষতিগ্রস্থ হয়েছে।
এদিকে হাওয়াইয়ে অবস্থিত প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার এ ঘটনার পর জাপান ও অস্ট্রেলিয়াতেও সুনামির সতর্কাবস্থা জারি করেছে। ২০০৩ সালের সুনামির কথা মনে রেখে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের সমুদ্রসৈকত বন্ধ করে দেওয়া হয়েছে এবং ফেরি চলাচল বন্ধ রয়েছে।
