২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে মন্ত্রিসভা নিয়ে মতৈক্য না হওয়ায় পিছিয়ে গেছে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়া

মন্ত্রিসভা নিয়ে মতৈক্য না হওয়ায় নেপালে মাওবাদীদের নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়া পিছিয়ে গেছে। দেশটির রাজনৈতিক নেতারা শনিবার একথা জানান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 09:12 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

শুক্রবার প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার সঙ্গে মাওবাদী নেতা প্রচণ্ডের বৈঠকে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়টি চূড়ান্ত হয়। সমঝোতা অনুযায়ী শনিবারই গিরিজা প্রসাদ কৈরালার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার এবং মাওবাদীদের নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করে তা অনুমোদনের জন্য পার্লামেন্টে তোলার কথা ছিল। কিন্তু কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন তা নিয়ে মতৈক্য না হওয়ায় সরকার গঠন প্রক্রিয়া পিছিয়ে যায়।

ক্ষমতাসীন জোট সরকারের একটি দল নেপালি কংগ্রেসের (গণতান্ত্রিক) এক নেতা দেবেন্দ্র রাজ কান্দেল রয়টার্সকে জানান, “জোট সরকারের অন্তর্ভুক্ত ছোট ছোট দলগুলো নতুন সরকারে গুরুত্বপূর্ণ পদ দাবি করায় সরকার গঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। সে কারণেই প্রধানমন্ত্রী সরকার গঠন করতে পারেননি। এটা আমাদের জন্য লজ্জাজনক।”

পার্লামেন্টের অধিবেশন রোববার পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে পরে এক নোটিশে জানানো হয়।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐতিহাসিক চুক্তি অনুযায়ী গত জানুয়ারিতে অন্তর্বর্তী পার্লামেন্টে যোগ দেন মাওবাদীরা। আর এর মধ্য দিয়েই সশস্ত্র সংগ্রামের পথ ছেড়ে নিয়মতান্ত্রিক রাজনীতির ধারায় ফিরে আসেন তারা।

সরকারে যোগদানের বিষয়ে মাওবাদীদের প্রতিক্রিয়া বেশ সতর্ক। তাদের অন্তর্ভুক্ত করে নতুন সরকার গঠনের জন্য মাওবাদীরা বেশ তাগিদ দিয়ে আসছিলেন। তবে মন্ত্রিসভার পদ বণ্টন নিয়ে উভয় পক্ষের সমঝোতা হচ্ছিল না।

গত সপ্তাহে শীর্ষস্থানীয় এক মাওবাদী নেতা জানিয়েছিলেন, “মাওবাদীদের হাতে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় ছাড়তে প্রধানমন্ত্রী কৈরালা অনীহা প্রকাশ করছেন।”

দেশের নতুন সংবিধান প্রণয়নের জন্য আগামী জুনে সংবিধান সভা নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার। বলা হচ্ছে, এভাবেই অবসান ঘটবে রাজতন্ত্রের। মাওবাদীরা অবশ্য রাজতন্ত্র পুরোপুরি বিলোপের পক্ষে। জ্ঞানেন্দ্র বর্তমানে রাজা হলেও ক্ষমতাহীন অবস্থায় রয়েছেন।