২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় বিদ্রোহী হামলায় ৫ সেনাসহ নিহত ১৩

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে তামিল টাইগারদের হামলায় পাঁচ সেনাসহ ১৩ জন নিহত হয়েছেন। শুক্রবার সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 04:02 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

সেনাবাহিনী বলেছে, সেনা সদস্যরা নিহত হন রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে। আর বিদ্রোহীদের মর্টার হামলায় মারা যান আট বেসামরিক লোক। এর মধ্যে দুটি শিশু রয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার প্রসাদ সামারাসিঙ্গে বলেন, “বাত্তিকালোয়া জেলার দুইটি গ্রামে বৃহস্পতিবার রাতভর মর্টার হামলা চালায় তামিল টাইগাররা। সকালে সেনাবাহিনী পৌঁছে বিদ্রোহীদের হটিয়ে দেয়। সেখানে মোট আটটি লাশ উদ্ধার করি আমরা। যার মধ্যে দুটি নারী শিশু রয়েছে। তাদের একজনের বয়স দেড় এবং অপরজনের সাত বছর।”

তিনি জানান, বাত্তিকালোয়ার পূর্ব দিকে তোপিগালা এলাকার জঙ্গলে আস্তানা গেড়ে সেখান থেকে মর্টার হামলা চালায় বিদ্রোহীরা। এলাকাটি এখন সেনাবাহিনী ঘিরে রেখেছে। দুই পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলছে।

ব্রিগেডিয়ার সামারাসিঙ্গে আরও বলেন, “বাবুনিয়ায় বিদ্রোহীদের পেতে রাখা বোমার বিস্ফোরণে নিহত হন পাঁচ সেনা সদস্য। তারা ওই এলাকায় টহলরত সেনাদের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন।”

এ দুটি ঘটনায় তামিল বিদ্রোহীদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শ্রীলঙ্কায় সাম্প্রতিক সময়ে বিদ্রোহী ও সেনাবাহিনীর সংঘর্ষ বেড়েছে। টাইগারদের নিরস্ত্রীকরণে সরকার জোর তৎপরতা চালাচ্ছে। ফলে বিদ্রোহীরাও পাল্টা আঘাত হানছে।

চলমান পরিস্থিতিতে দুই পক্ষের শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী নরওয়ে মিশনের মুখপাত্র থর্ফিনুর ওমারসন বলেন, “পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। উভয় পক্ষের সংঘাতে বহু বেসামরিক লোক মারা যাচ্ছে। দুই পক্ষেরই এখন উচিত যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া।”