২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক নিয়ে সৌদি বাদশাহর বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যান

ইরাক নিয়ে সৌদি বাদশাহর বক্তব্য প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে, জাতিসংঘের অনুমোদন ও ইরাক সরকারের অনুরোধেই মার্কিন সেনারা ইরাকে অবস্থান করছে। সুতরাং এটাকে অবৈধ বলার কোনো যুক্তি নেই।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 11:57 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

বুধবার রিয়াদে অনুষ্ঠিত আরব সম্মেলনে সৌদি বাদশাহ আবদুল্লাহ ইরাকে বিদেশি দখলদারিত্বের কঠোর সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি রাষ্ট্র প্রধানের এ ধরনের সমালাচনা যুক্তরাষ্ট্রের কাছে ছিল অপ্রত্যাশিত।

এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার হোয়াইট হাউজের মুখপাত্র ডানা পেরিনো বলেন, “ইরাকে যুক্তরাষ্ট্রের অবৈধ দখলদারিত্ব চলছে- এমন কথার কোনো ভিত্তি নেই।”

জাতিসংঘের অনুমোদন ও ইরাকি সরকার তথা জনগণের অনুরোধেই যুক্তরাষ্ট্র সেখানে সেনা পাঠায় বলে দাবি করেন তিনি।

হোয়াইট হাউজের মুখপাত্র আরও বলেন, “সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও এ ধরনের বক্তব্য মার্কিন প্রশাসন মেনে নেবে না।”

সৌদি বাদশাহর বক্তব্যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নসও কিঞ্চিৎ বিস্ময় প্রকাশ করেন। তার ধারণা, বাদশাহর আরবি ভাষণ ইংরেজিতে রূপান্তর করতে গিয়ে বক্তব্যের হেরফের হতে পারে অথবা প্রচার মাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজটি করেছে।

তবে বিষয়টি নিয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হতে পারে বলে জানান তিনি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শন ম্যাককরম্যাক বলেন, “সৌদি বাদশাহর এ ধরনের বক্তব্যের পেছনে কী কারণ থাকতে পারে, তা আমরা খতিয়ে দেখছি।”

এদিকে বিষয়টি নিয়ে ইরাক সরকারও উদ্বেগ প্রকাশ করেছে। ইরাকি পররাষ্ট্রমন্ত্রী হোশায়ের জেবারি বলেন, “বাদশাহর বক্তব্যের সঙ্গে আমরা একমত নই। কারণ নিরাপত্তাদের অনুমোদন এবং ইরাক সরকার ও জনগণের সমর্থন সাপেক্ষেই বিদেশি সেনারা ইরাক রয়েছেন।”