আগামী মাসে জলবায়ু সংক্রান্ত পরিকল্পনা প্রকাশ করবে চীন
কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমানোর জন্য পদক্ষেপ গ্রহণসহ ‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি’ মোকাবেলায় জাতীয় পরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছে বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি চাহিদার দেশ চীন। আগামী ২৪ এপ্রিল এ পরিকল্পনা প্রকাশ করা হতে পারে বলে বৃহস্পতিবার জানিয়েছেন চীনের এক শীর্ষ কর্মকর্তা।
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান গাও গুয়াংশেং বলেছেন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে নতুন নীতিমালা গ্রহণ করা হবে এ পরিকল্পনায়। তবে নিঃসরণ কমানোর কোনো জাতীয় লক্ষ্যমাত্রা ঘোষণা করা হবে কিনা সে বিষয়ে কিছু বলেননি গুয়াংশেং।
তিনি বলেন, “আমরা এটা স্পষ্ট করবো যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে কোন কোন ক্ষেত্রে কী কী নীতিমালা গ্রহণ করা হবে।”
এদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা দেশটির বিগত বছরগুলোর জ্বালানি চাহিদা এবং এর বর্তমান হার বিশ্লেষণ করে বলেছে যে ২০১০ সালের মধ্যে গ্যাস নিঃসরণে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে চীন। অবশ্য এ সর্ম্পকে কোনো মন্তব্য করেননি গুয়াংশেং। বিষয়টি পাশ কাটিয়ে তিনি বলেন, তার দেশের গ্যাস নিঃসরণ সম্পর্কে পুরোপুরি সঠিক কোনো তথ্য নেই তাদের হাতে।
দ্রুত বর্ধিষ্ণু উন্নয়ন কর্মকাণ্ডের ফলে দেশটির গ্যাস নিঃসরণ বাড়তে থাকায় এ বিষয়ে ব্যবস্থা নিতে বেইজিঙের প্রতি আহ্বান জানিয়ে আসছে কিয়োতো প্রটোকলে স্বাক্ষরকারী ৩৫টি উন্নত দেশ। তারা চাইছে যুক্তরাষ্ট্র ও চীন এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিক।
কিন্তু চীন বলছে, জীবাশ্ম জ্বালানি ব্যবহারকারী উন্নত দেশগুলোর কারণেই বিশ্বে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া প্রচলিত জ্বালানি ব্যবহার করে উন্নয়নের ওই সীমা পর্যন্ত অর্জন করার অধিকার রয়েছে চীনেরও। অবশ্য দেশটি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যেও পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
