মোগাদিসুতে যৌথবাহিনীর দমনাভিযান, ভেঙে গেছে যুদ্ধবিরতি চুক্তি
ইসলামি চরমপন্থীদের প্রতিহত করতে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দমনাভিযান শুরু করেছে ইথিওপিয়া ও সোমালিয়ার যৌথবাহিনী। এই অভিযানে গত সপ্তাহান্তে উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গেছে।
বৃহস্পতিবার যৌথবাহিনীর সেনারা ট্যাঙ্ক নিয়ে রাস্তায় টহল দিতে শুরু করে। ভোরে উত্তর মোগাদিসুর রামাদান শহরে চরমপন্থীদের ঘাঁটি এবং ফুটবল খেলার প্রধান মাঠের চারপাশের এলাকায় যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দেশটির ইসলামি চরমপন্থীদের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় ধরনের অভিযান।
অভিযানে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বহু লোক এই অভিযানে আহত হয়েছেন বলে জানা গেছে।
রাস্তায় রাস্তায় বিস্ফোরণ, গোলাগুলি, ধোঁয়ার কুণ্ডলিতে আতঙ্কিত এলাকাবাসীদের নিজ নিজ বাড়ির দিকে ছুটতে দেখা গেছে।
ইসলামি জঙ্গি দলের এক মুখপাত্র টেলিফোনে জানান, “বৃহস্পতিবার খুব ভোরে যৌথবাহিনী রামাদান হোটেলে আমাদের ওপর অভিযান চালায়।”
আহতদের চিকিৎসা দিতে ব্যস্ত মদিনা হাসপাতালের এক চিকিৎসক নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, “মিনিটে মিনিটে রোগি আসছে ক্ষতস্থানের চিকিৎসা করাতে। সংখ্যা জানানোর মতো সময় নেই আমাদের। আমরা খুবই ব্যস্ত।”
এদিকে, অভিযানের কারণে মোগাদিসুর কার্যালয়ে আটকে পড়া রয়টার্সের ক্যামেরাম্যান ফারাহ রোবেল বলেন, “রাস্তায় রাস্তায় বিস্ফোরণের শব্দ। ঘন ধোঁয়া ছাড়া কিছুই আমাদের চোখে পড়ছে না। খুব নিচ দিয়ে উড়ে যাচ্ছে হেলিকপ্টার। এর আগে এ রকম দৃশ্য আমরা কখনও দেখিনি!”
উলে¬খ্য, নতুন বছরের শুরুতে ইথিওপিয়ার শান্তিরক্ষী বাহিনীর সহায়তায় ইসলামিক কোর্টস ইউনিয়নের চরমপন্থীদের হাত থেকে রাজধানী মোগাদিসু পুনর্দখল করে নেয় সোমালিয়া সরকার।
